ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
ট্রাম্প লেখেন, “নেতানিয়াহু সোমবার আদালতে হাজিরা দিতে যাচ্ছেন। তার বিরুদ্ধে মামলা এখনই প্রত্যাহার করা উচিত অথবা রাষ্ট্রীয় ক্ষমা দেওয়া উচিত। তিনি একজন মহান নায়ক, যিনি তার দেশের জন্য অনেক কিছু করেছেন।”
তবে ইসরায়েলের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদানের একমাত্র ক্ষমতা প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের হাতে। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত কেউ এ বিষয়ে কোনো আবেদন করেনি এবং ক্ষমার বিষয়টি তাদের বিবেচনায় নেই।
২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি আলাদা মামলা দায়ের করা হয়। ২০২০ সালে তার বিচার শুরু হয়, যদিও শুরু থেকেই নেতানিয়াহু অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।
ট্রাম্প নেতানিয়াহুকে “যোদ্ধা” আখ্যা দিয়ে আরও বলেন, “এই ইসরায়েলকে আমরাই বাঁচিয়েছি, এবার নেতানিয়াহুকেও আমরাই রক্ষা করব।”
তবে ‘রক্ষা করা’ বলতে ট্রাম্প আসলে কী বোঝাতে চেয়েছেন, তা তার বক্তব্যে পরিষ্কার নয়। সমালোচকরা মনে করছেন, তিনি হয়তো ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারকে “ডাইনি নিধন” বলে আখ্যায়িত করেছেন—একই শব্দবন্ধ অতীতে তিনি তার নিজের বিরুদ্ধে চলমান মামলাগুলোকেও বর্ণনা করতে ব্যবহার করেছেন।
উল্লেখযোগ্যভাবে, এর আগের দিনই ট্রাম্প ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বিরক্তি প্রকাশ করেন। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলার সমালোচনা করে তিনি বলেন, “আমরা একটা চুক্তি করে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ করেছে। আমি এতে মোটেই খুশি নই।”
তিনি আরও বলেন, “ইরান ও ইসরায়েল এতদিন ধরে যুদ্ধে জড়িয়ে আছে যে নিজেরাও জানে না, তারা আসলে কী করছে!”
ট্রাম্পের এই পরপর বিপরীতমুখী মন্তব্য ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান জটিল বাস্তবতাকেই যেন তুলে ধরছে।

