ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বৃহস্পতিবার (২৬ জুন) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, এই ভাষণে তিনি “গুরুত্বপূর্ণ বক্তব্য” দেবেন। ভাষণটি ইরানের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হবে।
উল্লেখ্য, দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধ শুরু হয় গত ১৩ জুন। এরপর থেকেই খামেনির কোনো প্রকাশ্য বক্তব্য শোনা যায়নি, এমনকি তিনি গোপন স্থানে অবস্থান করছিলেন বলেও বিভিন্ন সূত্রে জানা যায়। দীর্ঘ অপেক্ষার পর আজই প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন।
গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরই মধ্যে দুই দিন পার হয়ে গেলেও খামেনির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। ফলে, আজকের ভাষণ ঘিরে ইরানজুড়ে জনমনে রয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ— তিনি কী বলবেন, কী দিকনির্দেশনা দেবেন এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে, তা দেখার বিষয়।
বর্তমানে এই যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। আজকের ভাষণ সেই দিকেই ইঙ্গিত দিতে পারে।

