ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানের প্রতিরোধে ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘কিছুই অর্জন করতে পারেনি’।
বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এসব মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা এএফপি-এর খবরে বলা হয়, ইসরায়েলের সঙ্গে ‘১২ দিনের যুদ্ধে’ ইরানের বিজয়কে স্বাগত জানিয়েছেন খামেনি।
তিনি বলেন, “আমি মহান ইরানি জাতিকে অভিনন্দন জানাতে চাই—ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে তাদের এই বিজয়ের জন্য।”
এই বক্তব্যটি যুদ্ধবিরতি শুরুর পর খামেনির পক্ষ থেকে প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।
খামেনি দাবি করেন, এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘কষে এক চড়’ মারা হয়েছে। আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, খামেনি বলেছেন, “মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত করা সঠিক সিদ্ধান্ত ছিল এবং ভবিষ্যতে যদি হুমকি আসে, তাহলে এমন হামলার পুনরাবৃত্তি ঘটবে।”
তিনি সতর্ক করে বলেন, “ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জন্য শত্রুদের চরম মূল্য দিতে হবে।”
তার ভাষণে খামেনি বলেন, “তেহরানের শত্রুরা ক্ষেপণাস্ত্র কিংবা পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে—ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা।”
তিনি আরও জানান, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলায় “উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি” হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই আক্রমণও ইরানের মনোবল ভাঙতে পারেনি।

