মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুই-তে একটি উচ্চ বিদ্যালয়ে পদদলনের ঘটনায় অন্তত ২৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে বুধবার (২৫ জুন) শহরের বারথেলেমি বোগানদা উচ্চ বিদ্যালয়ে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি হাসপাতাল সূত্র থেকে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী, একটি বিদ্যুৎস্পৃষ্ট ঘটনার পর হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে এই পদদলনের সূত্রপাত হয়।
রয়টার্সকে দেওয়া এক হাসপাতাল সূত্র জানায়, “আমরা সত্যিই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। এটা ছিল ভয়াবহ। ডজন ডজন আহতকে নিয়ে আসা হচ্ছিল।”
তিনি জানান, এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু এবং ২৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্য একটি চিকিৎসা সূত্রের মতে, নিহতের সংখ্যা হতে পারে ৩১ জন। তিনি জানান, পরীক্ষার সময় বিস্ফোরণের শব্দ শুনে শিক্ষার্থীরা ভেবেছিল ভবনটি ধসে পড়তে যাচ্ছে। আতঙ্কে অনেকে প্রথম তলা থেকে লাফিয়ে পড়েন, আর বাকিরা হুড়োহুড়িতে পদদলিত হন।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় কেন্দ্রে বাঙ্গুইয়ের ছয়টি স্কুলের মোট ৫ হাজারের বেশি শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিল।
এক বিবৃতিতে জানানো হয়, দেশটির প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের পর স্কুলের প্রধান ভবনের একটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়। এ থেকেই আতঙ্কের সূত্রপাত।
প্রায় সব পরীক্ষার্থীর বয়স ছিল ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি পরীক্ষা কার্যক্রম যাতে নির্বিঘ্নে চালানো যায়, সে নিশ্চয়তা দেওয়া হয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ স্তব্ধ। নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার, বন্ধু, শিক্ষক এবং চিকিৎসকদের কাছে এ এক দুঃস্বপ্ন। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সম্ভাবনাও রয়েছে।

