ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের পর পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের শেভচেঙ্কো গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। এই গ্রামটি একটি গুরুত্বপূর্ণ লিথিয়াম মজুতের কাছে অবস্থিত।
বৃহস্পতিবার (২৬ জুন) রুশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, শেভচেঙ্কোর পাশাপাশি নোভোসেরহিভকা নামে আরেকটি বসতিও দখল করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি এবং ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই দিনে রাশিয়া ও ইউক্রেন আরেক দফা বন্দিবিনিময় সম্পন্ন করেছে। মস্কো ও কিয়েভ জানায়, উভয় পক্ষের সেনারা নিজ নিজ দেশে ফিরেছেন। ইউক্রেনের তথ্য অনুযায়ী, ফিরে আসা বেশিরভাগ সেনা ২০২২ সাল থেকে বন্দি ছিলেন। এদের মধ্যে আহত ও অসুস্থ সেনারাও ছিলেন, যাদের বয়স ২৪ থেকে ৬২ বছরের মধ্যে। ইউক্রেন আরও বন্দিবিনিময়ের আশ্বাস দিয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মুক্ত সেনারা বর্তমানে বেলারুশে চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিচ্ছেন। তবে এই বন্দিবিনিময় সত্ত্বেও মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া দখলকৃত ভূখণ্ড ছাড়তে রাজি নয়।
বন্দিবিনিময়ের মধ্যেও ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বিমান হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। তবে ইউক্রেনের সেনাপ্রধান দাবি করেছেন, সুমি অঞ্চলে রুশ আগ্রাসন প্রতিহত করা হয়েছে। এই অঞ্চলে প্রায় ৫০ হাজার রুশ সেনার মোতায়েন ঠেকানো গেছে বলে তিনি জানান। কিয়েভ এই এলাকায় প্রতিরক্ষা জোরদার করতে নতুন ইউনিটও গঠন করেছে।
উভয় পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। রাশিয়ার দাবি, এক রাতে ইউক্রেনের ৫০টি ড্রোন গুলি করে ফেলা হয়েছে। অন্যদিকে ইউক্রেন জানায়, রাশিয়া ৪১টি শাহেদ ড্রোন ছুড়েছে, যার ফলে কয়েকজন আহত হয়েছেন।

