যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ১২ দিনব্যাপী যুদ্ধে শত শত যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও জ্বালানি সরবরাহকারী বিমানের মাধ্যমে ইরানে আক্রমণ চালালেও, এই অভিযানে বড় ভূমিকা রেখেছে ইরানের ভেতর থেকেই পরিচালিত গোপন মিশনগুলো।
১৩ জুন ভোররাতের কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে আক্রমণ শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই তারা এমন একটি ভিডিও প্রকাশ করে যা সম্ভবত ইরানের ভেতরের কোনও অজ্ঞাত স্থান থেকে রাতের আঁধারে ধারণ করা।
এক ঝাপসা ভিডিওতে দেখা যায়—মোসাদের সদস্যরা মরুভূমিসদৃশ এলাকায় ছদ্মবেশে, নাইটভিশন চশমা ও কৌশলগত পোশাক পরে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য অস্ত্র প্রস্তুত করছেন, যেন পরবর্তীতে বিমান হামলার পথ প্রশস্ত হয়।
অন্য ভিডিওগুলোতে দেখা গেছে, ক্যামেরা সংযুক্ত ক্ষেপণাস্ত্র ইরানের মিসাইল প্রতিরক্ষা ঘাঁটি এবং ব্যালিস্টিক প্ল্যাটফর্মে আঘাত করছে। এগুলোকে ‘Spike’ ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে—ছোট কিন্তু নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষম, দৃষ্টিসীমার বাইরে থেকেও পরিচালনাযোগ্য।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখানো হয়েছে—মাঠে পড়ে থাকা স্পাইক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, যেগুলোতে ইন্টারনেট-নির্ভর অটোমেশন ও রিমোট কন্ট্রোল প্রযুক্তি ছিল। ইরানের দাবি, এগুলো মোসাদের ‘সন্ত্রাসী এজেন্টদের’ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল।
এ ধরনের হামলা ২০২০ সালের নভেম্বরে মোহসেন ফখরিজাদেহকে হত্যার স্মৃতি মনে করিয়ে দেয়। সে সময় মোসাদ টুকরো করে একটি এক টনের গুলি ইরানে এনে পিকআপ ট্রাকে বসিয়ে তাকে হত্যা করেছিল। সেই হত্যাকাণ্ডেও রিমোট কন্ট্রোল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয়েছিল।
ইরান সম্প্রতি ফখরিজাদেহ হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করেছে।
১২ দিনের যুদ্ধে ইসরায়েল বিপুল সংখ্যক বিস্ফোরকভর্তি ছোট ড্রোন ও কোয়াডকপ্টার ব্যবহার করে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে।
ইরানি গণমাধ্যমে জানানো হয়, যুদ্ধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এই ড্রোনগুলোর বিরুদ্ধে। তবে কতগুলো ড্রোন আঘাত হেনেছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি।
ছোট আকারের ড্রোনগুলোর জন্য দেশজুড়ে সন্ধান অভিযান শুরু হয়। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তখন বিস্ফোরণ চালিয়ে যাচ্ছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ‘শাসনব্যবস্থা পরিবর্তনের’ সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন।
শীঘ্রই দেখা যায়, পিকআপ ট্রাকের পেছনে বিশেষভাবে তৈরি ড্রোন লঞ্চিং বক্স বসানো হয়েছে, যেগুলো লক্ষ্যবস্তুর কাছে গিয়ে ড্রোন ছাড়তে সক্ষম। এমন কৌশল ইউক্রেনও রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে।
একটি গোপন ড্রোন কারখানা ধরা পড়ে তেহরানের দক্ষিণে শহরে রে-তে। সেখানে তিনতলা একটি ভবন থেকে ড্রোন, হোমমেইড বোমা ও বিস্ফোরক উৎপাদন করা হচ্ছিল বলে জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।

আরও একটি অভিযানে ছয়জন ইরানিকে ‘মোসাদ এজেন্ট’ হিসেবে দেখানো হয়, যারা বোমাযুক্ত কোয়াডকপ্টার, টাইমারসহ বোমা, গ্রেনেড ও অন্যান্য অস্ত্র তৈরি করছিল। এমনকি কিছু গাড়িতে বিস্ফোরক বসানো ছিল বলেও অভিযোগ আছে, যদিও তা ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
রাষ্ট্রীয় টিভিতে কয়েকজন বন্দিকে হাত বাঁধা ও চোখ ঢেকে ‘স্বীকারোক্তি’ দিতে দেখা গেছে। একজন বন্দিকে জেরা করেন স্বয়ং বিচার বিভাগপ্রধান গোলামহোসেইন মোহসেন-এজেই ও তেহরানের পাবলিক প্রসিকিউটর আলি সালেহি। বন্দি বলেন, তিনি মোসাদের জন্য ভবনের ছাদ থেকে বিমান প্রতিরক্ষা ঘাঁটির ভিডিও করছিলেন।
ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জমির এক ভিডিও বার্তায় জানান, “আমাদের কমান্ডো বাহিনী শত্রু ভূখণ্ডে গোপনে অভিযান চালিয়ে আমাদের আক্রমণের পথ উন্মুক্ত করেছে।” তবে তিনি স্পষ্ট করেননি, কোন অভিযানের কথা বলছিলেন।
ইরান সরকার এখনো স্পষ্টভাবে এই গোপন অভিযানের বিষয়ে কিছু বলেনি। তবে তারা এখন পর্যন্ত ছয়জনকে ফাঁসি দিয়েছে এবং গোটা দেশে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে ডজন ডজন মানুষকে গ্রেপ্তার করেছে।
১৩ জুনের চমকে দেওয়া হামলায় বহু শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিও আঘাতপ্রাপ্ত হয়, যার উদ্দেশ্য ছিল ইরানের প্রতিশোধ নেওয়ার সক্ষমতা হ্রাস করা।
প্রো-ইসরায়েল হ্যাকার গ্রুপগুলোর বড় সাইবার হামলায় ইরানের দুটি বড় ব্যাংক এবং সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রাষ্ট্রীয় টিভিতে সম্প্রতি প্রচারিত এক পুরনো ভিডিওতে দেখা যায়, নিহত কমান্ডার আমির আলি হাজিজাদেহ, যিনি আইআরজিসি’র অ্যারোস্পেস বিভাগের প্রধান ছিলেন, বলছেন: “আমরা সবাই মোসাদের নজরদারিতে আছি, মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসের মাধ্যমে।”
তেহরানের আশেপাশের একটি বাঙ্কারে উচ্চপর্যায়ের বৈঠকের সময় তিনি নিহত হন। তার ভাষণে তিনি সবাইকে সতর্ক করেন যেন ফোন বন্ধ রাখে এবং সময়ান্তরে ফোন পরিবর্তন করে।
ইসরায়েলি আক্রমণের জবাবে ইরান ইন্টারনেট সংযোগ ৯৭% পর্যন্ত বন্ধ করে দেয়—যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নেটওয়ার্ক ব্ল্যাকআউট এবং সম্ভবত বিশ্বের অন্যতম বৃহত্তম।
যুদ্ধবিরতির দুই দিন পর, বৃহস্পতিবার (২৬ জুন) ইন্টারনেট ধীরে ধীরে আবার চালু হয়।

