Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-ইসরায়েলের বাধা ডিঙিয়ে যেভাবে পারমানবিক বোমা বানিয়েছিল পাকিস্তান
    আন্তর্জাতিক

    ভারত-ইসরায়েলের বাধা ডিঙিয়ে যেভাবে পারমানবিক বোমা বানিয়েছিল পাকিস্তান

    হাসিব উজ জামানUpdated:জুন 27, 2025জুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ১৯৮০-এর দশকে যখন বিশ্বের অনেক দেশ পারমাণবিক অস্ত্রের গোপন উন্নয়নে ব্যস্ত, তখন এক ব্যক্তির নেতৃত্বে পাকিস্তানেও চলছিল নিঃশব্দে একটি ঐতিহাসিক বিপ্লব। তিনি হলেন ড. আবদুল কাদির খান, যাকে পাকিস্তানের পারমাণবিক বোমার জনক বলা হয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ইসরায়েলি মোসাদ, সবাই তাঁকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত, তিনি একটি মুসলিম দেশের প্রথম পারমাণবিক বোমা তৈরি করে ইতিহাস গড়েন।

    এই বৈজ্ঞানিককে সাবেক সিআইএ পরিচালক জর্জ টেনেট তুলনা করেছিলেন ওসামা বিন লাদেনের সঙ্গে। ইসরায়েলের গোয়েন্দা প্রধান সাবতাই শাভিত তো আক্ষেপ করে বলেছিলেন, “ওকে হত্যা করা উচিত ছিল।”

    কিন্তু প্রায় ২৫ কোটির বেশি পাকিস্তানির কাছে তিনি জাতীয় বীর। ১৯৩৬ সালে জন্ম নেওয়া এবং ২০২১ সালে মৃত্যুবরণ করা এই বিজ্ঞানী পাকিস্তানের জন্য এমন এক অস্ত্র তৈরি করেন, যেটি দেশের নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে।

    ১৮ মে ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়—নাম দেয় ‘স্মাইলিং বুদ্ধ’। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দেন, ‘‘আমরা ঘাস খেয়ে হলেও নিজেদের বোমা তৈরি করব।’’

    তিনি বলেছিলেন, ‘‘একটা খ্রিস্টান বোমা আছে, একটা ইহুদি বোমা আছে, একটা হিন্দু বোমাও তৈরি হলো—তাহলে ইসলামি বোমা হবে না কেন?’’

    এরপরই শুরু হয় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি।

    কাদির খান তখন নেদারল্যান্ডসে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানায় চাকরি করছিলেন। এই প্রতিষ্ঠান ইউরোপের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করত। সেখান থেকে তিনি গুরুত্বপূর্ণ ব্লুপ্রিন্ট ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে পাকিস্তানে ফিরে আসেন।

    ১৯৭৬ সালে তিনি হঠাৎ করে চাকরি ছেড়ে দেশে ফিরে যান, কারণ “এমন একটি অফার পেয়েছিলেন, যা ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না।” পরবর্তীতে তাঁর বিরুদ্ধে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ প্রযুক্তির নকশা চুরির অভিযোগ ওঠে।

    ড. আবদুল কাদির খান

    পাকিস্তানে ফিরে তিনি রাওয়ালপিন্ডিতে একটি গবেষণা ল্যাব স্থাপন করেন—গোপনে চলে পারমাণবিক বোমা তৈরির কাজ। বহির্বিশ্বকে চোখে ধুলো দিতে এসব যন্ত্রপাতি আনা হতো টেক্সটাইল মিলে ব্যবহারের কথা বলে।

    যখন পশ্চিমা দুনিয়া পাকিস্তানের প্রকল্প সম্পর্কে সন্দিহান, তখন ইসরায়েল সরাসরি উদ্যোগ নেয় এটি ধ্বংসের। ১৯৮০-এর দশকে ইসরায়েল একটি পরিকল্পনা করে—ভারতের সহায়তায় পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানো হবে।

    ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে এই অভিযানে সম্মতি দিলেও, পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। ১৯৮৭ সালে তাঁর ছেলে রাজীব গান্ধীর সময় আবার চেষ্টা করা হয়েছিল যুদ্ধ বাঁধিয়ে পারমাণবিক স্থাপনায় হামলার। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে অর্ধমিলিয়ন সৈন্য মোতায়েন করে, কিন্তু এই উসকানি সফল হয়নি।

    ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ একাধিকবার কাদির খান ও তাঁর সহযোগীদের হত্যাচেষ্টার পরিকল্পনা করে। এক জার্মান কোম্পানির কর্মকর্তার উদ্দেশ্যে পাঠানো হয় বোমা—তিনি বেঁচে যান, তবে তাঁর কুকুর মারা যায়। সুইজারল্যান্ডে অন্য এক প্রযুক্তি প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটানো হয়।

    এক কোম্পানির মালিক অভিযোগ করেছিলেন, তাঁকে ও তাঁর কর্মচারীদের ফোনে হুমকি দিতেন এক ইসরায়েলি কূটনীতিক—নাম বলতেন ‘ডেভিড’। তাদের একটাই বার্তা—“এই বোমা বানানোর ব্যবসা বন্ধ করো।”

    যদিও প্রকাশ্যে আমেরিকা পাকিস্তানের পারমাণবিক প্রকল্পের বিরোধিতা করছিল, কিন্তু ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত হামলার পর পাকিস্তান হয়ে ওঠে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র। এরপর থেকেই পাকিস্তানের প্রতি আমেরিকার অবস্থান নরম হয়ে যায়।

    চীন সরাসরি ইউরেনিয়াম, ট্রিটিয়াম এবং বিজ্ঞানী সরবরাহ করে পাকিস্তানকে সহায়তা করে। এই সব কিছুর সমন্বয়ে পাকিস্তান ১৯৯৮ সালে সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালায়।

    ১৯৯৮ সালের মে মাসে ভারত পরপর কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালানোর পর, পাকিস্তানও বালোচিস্তানের চাগাই পাহাড়ে নিজের শক্তি প্রদর্শন করে। দেশটি হয়ে ওঠে বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আবদুল কাদির খান তখন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি। রাস্তাঘাট, স্কুল, এমনকি ক্রিকেট দল পর্যন্ত তাঁর নামে নামকরণ হয়।

    টিভিতে তিনি বলেন, ‘‘কে বোমা বানালো? আমি বানিয়েছি। কে মিসাইল বানাল? আমি বানিয়েছি তোমাদের জন্য।’’

    কিন্তু এখানেই শেষ নয়। কাদির খান ১৯৮০’র দশকের মাঝামাঝি থেকে শুরু করেন আরেকটি সাহসী অভিযান—ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ার মতো দেশের কাছে পরমাণু প্রযুক্তি বিক্রি।

    তিনি দ্বিগুণ যন্ত্রাংশ আমদানি করতেন—এক ভাগ পাকিস্তানের জন্য, বাকি গোপনে বিক্রি করে দিতেন। ইরানকে সরবরাহ করা যন্ত্রপাতি ছিল পুরোনো, উন্নত প্রযুক্তি পাকিস্তান নিজের জন্য রেখে দিত।

    ২০০৩ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি আমেরিকার কাছ থেকে সমর্থন পেতে গিয়ে কাদির খানের গোপন নেটওয়ার্ক ফাঁস করে দেন। তিনি জানান, পাকিস্তান তাঁকে পারমাণবিক স্থাপনা তৈরি করে দিচ্ছে—কিছু ‘চিকেন ফার্ম’-এর ছদ্মবেশে। স্যুয়েজ খাল দিয়ে পাঠানো যন্ত্রপাতি জব্দ করে সিআইএ, আর এক ধোয়াখানার ব্যাগে মেলে বোমা তৈরির নকশা।

    ২০০৪ সালে কাদির খান টিভিতে এসে স্বীকার করেন, তিনি একাই এই প্রযুক্তি অন্যান্য দেশে সরবরাহ করেছেন। পাকিস্তান সরকার পরে তাঁকে ক্ষমা করে দেয় এবং গৃহবন্দি করে রাখে।

    পাকিস্তানের পারমাণবিক বোমা

    পরবর্তীতে তিনি বলেন, ‘‘আমি একবার দেশকে রক্ষা করেছি বোমা বানিয়ে, আবার রক্ষা করেছি সব দোষ নিজের কাঁধে নিয়ে।’’

    প্রোস্টেট ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠে তিনি ইসলামাবাদে একটি কমিউনিটি সেন্টার গড়েন, বানরদের খাবার দিতেন। তাঁর এক পরিচিত বলেছিলেন, “ওনার বিশ্বাস ছিল, মুসলিম দেশকে প্রযুক্তি দেওয়া কোনো অপরাধ নয়।”

    ২০২১ সালে কোভিডে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে বলেন, ‘‘জাতীয় গর্বের প্রতীক।’’

    আর মৃত্যুর আগেও কাদির খানের আত্মবিশ্বাস ছিল অটুট—“এই জাতি নিশ্চিত থাকতে পারে, পাকিস্তান এখন নিরাপদ একটি পারমাণবিক শক্তি। কেউ আর চোখ তুলে তাকাতে পারবে না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.