যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের ‘ভুয়া প্রতিবেদক’ হিসেবে অভিহিত করে তাদের অবিলম্বে বরখাস্তের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) এই তথ্য জানিয়েছে বিবিসি।
ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই সাংবাদিকদের “খারাপ উদ্দেশ্যের খারাপ মানুষ” বলে অভিযুক্ত করেছেন। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা একটি ফাঁস হওয়া প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন প্রতিবেদনের জন্য সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসকে বারবার আক্রমণ করেছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলাগুলো ‘ঐতিহাসিকভাবে সফল’ ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প এই সংবাদ সম্মেলনকে “তার দেখা সেরা এবং সবচেয়ে পেশাদার সংবাদ সম্মেলনগুলোর একটি” হিসেবে অভিহিত করেছেন।
এদিকে ফোর্ডো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার আগে ইরান সেখান থেকে কিছু উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল বলে প্রচারিত গুজব অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, “(ফোর্ডো) পারমাণবিক স্থাপনা থেকে কিছুই বের হয়নি। এটা খুব বেশি সময় নেবে। খুব বিপজ্জনক।”
মার্কিন সরকার এই পারমাণবিক স্থাপনায় ধ্বংসের পরিমাণ নিয়ে প্রকাশিত সন্দেহ অস্বীকার করেছে।

