কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের পার্বত্য এলাকা মেডেলিন শহরতলি বেলোতে মঙ্গলবার (২৪ জুন) ভূমিধসের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে এএফপি।
সরকারি কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টিপাতের ফলে মেডেলিনের কাছে বেলো পৌরসভায় ভূমিধসের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ স্থানীয়দের এলাকা খালি করার জন্য সতর্ক করেছিল, কারণ এলাকাটিতে আরো ভূমিধসের ঝুঁকি রয়েছে। বেলোর মেয়র লোরেনা গঞ্জালেজ এক্স-এ পোস্ট করে জানান, ভোরের আগে ঘটে যাওয়া এই ভূমিধসে ১০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস হুলিয়ান রেন্দন সামাজিক মাধ্যম এক্স-এ জানান, এই ঘটনায় ১৬ জন মারা গেছেন এবং ৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।
ভূমিধসের পর স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মেয়র গঞ্জালেজ আরো জানান, উদ্ধারকর্মীরা ঝুঁকি নিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ চালাচ্ছেন। কলম্বিয়ার অ্যান্টিওকিয়া অঞ্চলে বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই ভূমিধসের ঘটনা ঘটে।

