গত ২০ মাসে লেবানন, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন এবং ইরানে অন্তত ৩৫ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিষয়ক গবেষণা সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন, ইরান, লেবানন, ইয়েমেন এবং সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। এই হামলাগুলোর মধ্যে বিমান ও মিসাইল হামলার পাশাপাশি ইসরায়েলি পদাতিক বাহিনীর দ্বারা সাধারণ মানুষের ওপর নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনাও এই গবেষণায় উল্লেখ করা হয়েছে।
হামলার পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ফিলিস্তিনে ১৮ হাজারেরও বেশি হামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া লেবাননে ১৫,৫২০ বার, সিরিয়ায় ৬১৬ বার, ইরানে ৫৮ বার এবং ইয়েমেনে ৩৯ বার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল।

