ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় শিশু ফর্মুলা দুধের তীব্র ঘাটতি এবং খাদ্য সংকটের ফলে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় দুই শিশু মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে অন্তত ৬০ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
নাসের হাসপাতালের শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা. আসাদ আল-নাওয়াজা জানান, শিশু ফর্মুলার অভাবে শিশুদের মধ্যে পুষ্টিহীনতা, হজমজনিত সমস্যা এবং শ্বাসকষ্টের ঘটনা বেড়েছে। তিনি বলেন, “এই শিশুরা সম্পূর্ণভাবে ফর্মুলা নম্বর ১-এর ওপর নির্ভরশীল। এটি ছাড়া তাদের স্বাস্থ্য দ্রুত অবনতি হয়।”
তিনি আরো জানান, ইসরায়েল গত চার মাস ধরে গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে হাসপাতাল ও বাজারের জন্য শিশু ফর্মুলাও রয়েছে।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এক সাক্ষাৎকারে বলেন, গাজার হাসপাতালগুলো তীব্র সংকটের মধ্যে রয়েছে এবং চিকিৎসকরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করছেন। তিনি সতর্ক করে বলেন, তীব্র পুষ্টিহীনতায় ভুগছে এমন শিশুদের সাধারণ কারণেও মৃত্যুর সম্ভাবনা ১০ গুণ বেশি।
নাসের হাসপাতালের নার্সারি বিভাগে বর্তমানে প্রায় ২৫ জন শিশু চিকিৎসাধীন, যারা শিশু ফর্মুলার তীব্র ঘাটতির সম্মুখীন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুন পর্যন্ত ১৭,১২১ শিশু, যাদের মধ্যে নবজাতকও রয়েছে, নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। তবে স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দেইর আল-বালাহতে ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন, যেখানে প্যালেস্টাইনি পুলিশ কর্মকর্তারা ময়দার দাম নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ছিলেন।

