ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত প্রায় ৬০ জনের জন্য ইরানে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান শনিবার (২৮ জুন) সকাল ৮টায় তেহরানের এনগেলাব (রেভল্যুশন) স্কয়ারে শুরু হয়। এরপর একটি বৃহৎ শেষকৃত্যের শোভাযাত্রা আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হবে, যা প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ সামরিক কমান্ডার এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি এবং এরোস্পেস ফোর্সের প্রধান আমিরআলি হাজিজাদেহ। এছাড়া নিহতদের মধ্যে চারজন নারী ও চারজন শিশুসহ বেসামরিক নাগরিকও রয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘শহীদদের সম্মান জানাতে শেষকৃত্যানুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।’ টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মানুষ কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছেন এবং নিহত সামরিক কমান্ডারদের ছবি ধরে রেখেছেন। কফিনগুলো ইরানের পতাকায় মোড়ানো ছিল এবং তাতে নিহত কমান্ডারদের ইউনিফর্ম পরা ছবি সংযুক্ত ছিল।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬২৭ জন নিহত এবং প্রায় ৪,৯০০ জন আহত হয়েছেন। এই অনুষ্ঠানকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসাধারণের শেষকৃত্যানুষ্ঠান’ হিসেবে বর্ণনা করেছে। অনুষ্ঠানে শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতা, সামরিক কর্মকর্তা এবং হাজার হাজার নাগরিকের উপস্থিতি প্রত্যাশিত। নিরাপত্তার জন্য রাজধানীজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

