পাকিস্তানের বেলুচিস্তান প্রাদেশিক সরকার শুক্রবার (২৭ মে) বালোচ ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি) প্রধান সংগঠক ডা. মাহরাং বালোচ এবং আরো চার নেতা- বিবো বালোচ, গফ্ফার বালোচ, সাবগাত উল্লাহ শাহ জী এবং বেবারগ বালোচের আটকাদেশ গণশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ (এমপিও) এর ধারা-৩ এর অধীনে আরো ১৫ দিনের জন্য বাড়িয়েছে। এটি তাদের আটকাদেশের চতুর্থবারের মতো বাড়ানো হলো।
২২ মার্চ, ডা. মাহরাং বালোচসহ প্রায় ১৫০ রাজনৈতিক কর্মীকে বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের কাছে একটি অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতার করা হয়। জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতদের লাশ হস্তান্তরের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। গ্রেফতারের পর তাদের কোয়েটা জেলা কারাগারে পাঠানো হয়। তিন মাসের আটককাল শেষ হওয়ার পর কর্তৃপক্ষ নতুন আদেশ জারি করে এই পাঁচ নেতার আটকাদেশ আরও ১৫ দিন বাড়িয়েছে।
কোয়েটা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হামিদ উল্লাহ পিচি বলেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ডা. মাহরাং বালোচসহ অন্যদের আটকাদেশ আরো ১৫ দিনের জন্য বাড়ানোর নির্দেশ পেয়েছি। তারা আরো ১৫ দিন কারাগারে থাকবেন।”

বিওয়াইসি মুখপাত্র প্রাদেশিক সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে আটকাদেশ বাড়ানোকে ‘অবৈধ’ এবং ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন। বিওয়াইসি নেত্রী ডা. সাবিহা বালোচ বলেন, “তিন মাসের বেশি সময় ধরে এই নেতাদের আটক রাখা অবৈধ এবং অসাংবিধানিক।” তিনি সরকারের বিরুদ্ধে আটককাল দীর্ঘায়িত করতে বিভিন্ন কৌশল প্রয়োগের অভিযোগ তুলে অবিলম্বে সকল নেতার মুক্তির দাবি জানিয়েছেন।
ডা. মাহরাং বালোচ বেলুচ জনগণের অধিকার এবং নিখোঁজ ব্যক্তিদের ইস্যুতে দৃঢ় অবস্থানের জন্য পরিচিত। তিনি বালোচ ইয়াকজেহতি কমিটির মাধ্যমে বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ করে আসছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ জন নবীন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে। তবে পাকিস্তান সরকার তার বিরুদ্ধে সন্ত্রাস, আর্থিক তছরুপ এবং জালিয়াতির মতো অভিযোগ এনে গ্রেফতার করেছে।
মাহরাং বালোচের আটকাদেশের ধারাবাহিক বৃদ্ধি পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি এবং বেলুচিস্তানে সরকারের দমননীতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তান মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার নিন্দা জানিয়েছে।

