ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে গঠিত আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ফিলিস্তিন প্রশ্নে নীতিগত অবস্থান থেকে সরে গিয়ে পাকিস্তান এমন কোনো পদক্ষেপ নেবে না।
শুক্রবার ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্বসীমার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে অবস্থান পাকিস্তান সাত দশক ধরে ধরে রেখেছে, তা থেকে কোনোভাবেই সরে আসা হবে না।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ মন্তব্য করেছিলেন, শিগগিরই আরো কিছু দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের পর ওই মন্তব্য করেন উইটকফ। এরপরই পাকিস্তানের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়।
এই প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী দার বলেন, “ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে মেনে না নিলে আমরা ইসরাইলকে স্বীকৃতি দিতে পারি না। আব্রাহাম চুক্তিতে যোগদান আমাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির পরিপন্থি হবে।”
তিনি আরো বলেন, “এই বিষয়ে কোনো বিভ্রান্তি থাকার সুযোগ নেই- পাকিস্তানের অবস্থান পুরোপুরি স্পষ্ট। আমাদের নীতি অপরিবর্তিত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অন্যদিকে, একই ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, এ বিষয়ে সরকারের অভ্যন্তরে আলোচনা চলছে এবং যদি কোনো আন্তর্জাতিক চাপ আসে, তবে পাকিস্তান নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেবে।
সামা টিভির ‘নাদিম মালিক লাইভ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যদি আব্রাহাম চুক্তিতে যোগ দিতে আমাদের ওপর কোনো চাপ আসে, তখনই আমরা প্রয়োজনীয় জবাব দেব। আমাদের জাতীয় স্বার্থে আঘাত করে এমন কোনো মার্কিন নীতির অংশ পাকিস্তান হবে না।”
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। কিন্তু ফিলিস্তিন প্রশ্নে দৃঢ় অবস্থান নেওয়া দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম, যারা শুরু থেকেই এই চুক্তিকে স্বীকৃতি দেয়নি।

