পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সশস্ত্র সংঘাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় রাজনৈতিক সীমাবদ্ধতাকে দায়ী করেছেন ভারতীয় নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তার এই বিস্ফোরক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার। ক্ষমতাসীন বিজেপিকে সরাসরি দায়ী করে বিরোধী দল কংগ্রেস এই মন্তব্যকে ‘ব্যর্থতার দলিল’ হিসেবে তুলে ধরেছে।
গত ১০ জুন ইন্দোনেশিয়ার জাকার্তায় ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার একটি সেমিনারে বলেন, গত ৭ মে পাকিস্তানের সঙ্গে সশস্ত্র উত্তেজনার সময় রাজনৈতিক নেতৃত্বের চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতার কারণেই ভারত ক্ষয়ক্ষতির শিকার হয়। তার ভাষায়, “আমাদের সামরিক বাহিনীকে বলা হয়েছিল, যেন পাকিস্তানি সামরিক স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা না করা হয়। আর তাতেই আমরা বিমান হারাই।”
ভারতের পক্ষে তখন ‘অপারেশন সিঁদুর‘ নামে একটি হামলা চালানো হয়, যার মাধ্যমে কাশ্মীরের পহেলগামে পর্যটকদের হত্যার জবাবে পাকিস্তানের ছয়টি শহরে সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পাল্টা জবাবে ইসলামাবাদ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, যার মধ্যে তিনটি রাফাল বলে জানায় পাকিস্তান।
প্রথমে নয়াদিল্লি বিমান হারানোর খবর স্বীকার না করলেও ধীরে ধীরে তা মেনে নেয়। গত ১ জুন সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, “ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি যুদ্ধের অংশ। কিন্তু আরো গুরুত্বপূর্ণ হলো, কেন এটি ঘটল এবং ভবিষ্যতে আমরা কী করব।”
‘দ্য ওয়্যার’-এ প্রকাশিত শিব কুমারের বক্তব্য প্রকাশ্যে আসার পর কংগ্রেস মোদি সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করছে। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির সত্য চাপা দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে সরকার। এটি ব্যর্থতার দলিল।” কংগ্রেস সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিও নতুন করে জোরালো করেছে।
তবে এই মন্তব্য সামাল দিতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, শিব কুমারের বক্তব্য ‘অপ্রাসঙ্গিকভাবে উদ্ধৃত’ এবং সংবাদমাধ্যমে তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। দূতাবাসের ব্যাখ্যা, ক্যাপ্টেন বোঝাতে চেয়েছেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী সবসময় বেসামরিক রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই কাজ করে।
কিন্তু রাজনৈতিক বিতর্ক থামছে না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এর ফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরে যে মতবিরোধ ও চাপ রয়েছে, তা জনসম্মুখে এসেছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার দায় পাকিস্তানভিত্তিক সংগঠনের ওপর চাপিয়ে দিয়ে ভারত ৭ মে বড় পরিসরের পাল্টা হামলা চালায়। এতে দুই দেশের মধ্যে কয়েক দিন ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হয়। ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও নয়াদিল্লি তৃতীয় পক্ষের মধ্যস্থতার কথা বরাবরই অস্বীকার করেছে।
ভারতীয় বিমান ভূপাতিতের বিষয়টি প্রথম ১১ মে স্বীকার করেন বিমানবাহিনীর মহাপরিচালক এ কে ভারতী। এরপর ধীরে ধীরে ঘটনাক্রম প্রকাশ্যে আসতে থাকে।
ক্যাপ্টেন শিব কুমারের মন্তব্যে সৃষ্ট বিতর্ক এখন ভারতের সামরিক কৌশল ও রাজনৈতিক নেতৃত্বের দায় নিয়ে জাতীয় পর্যায়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যু সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তাপ আরো বাড়াবে এবং সামরিক নীতিনির্ধারণে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি নতুন করে সামনে আনবে।

