ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক প্রাণহানির হিসাব প্রকাশ করেছে ইরান। আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হয়, এ যুদ্ধে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩৫ জন ইরানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, “জায়নবাদী আগ্রাসনে আমাদের দেশে ১২ দিনের মধ্যে অন্তত ৯৩৫ জন শহীদ হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে ১৩২ জন নারী এবং ৩৮ জন শিশু রয়েছে।”
ইরনা নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, এই তথ্য যুদ্ধবিরতির সপ্তম দিনে প্রকাশ করল ইরান, যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
তেহরানের বিখ্যাত এভিন কারাগারে হামলায় নিহতের সংখ্যা ৭৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এর আগে নিহতের সংখ্যা ছিল ৭১। কারাগারে নিহতদের মধ্যে ছিলেন কয়েদি, তাদের স্বজন এবং প্রশাসনিক কর্মচারী।
এই কারাগারে হামলার খবর প্রথমে গোপন থাকলেও যুদ্ধবিরতির পর বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও ইসরায়েল দাবি করেছে, তারা শুধুমাত্র সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে। কারাগারে হামলার বিষয়ে তেল আবিব কোনো স্বীকারোক্তি দেয়নি।
গত ১৩ জুন ইসরায়েল বড় পরিসরে বিমান হামলা শুরু করে। প্রথম দফার হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এরপর একের পর এক আঘাত হানা হয় সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে।
এই পাল্টাপাল্টি হামলায় ইরানও চুপ থাকেনি। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের প্রধান শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ২৮ জন ইসরায়েলি নিহত হন বলে দাবি করে তেল আবিব।
ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে। অবশেষে ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এখনো সেই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত করতে আগ্রহী এবং প্রয়োজনে ভবিষ্যতেও ‘নির্বাচিত হামলা’ চালানো হতে পারে।
জাতিসংঘসহ কয়েকটি মানবাধিকার সংস্থা নাগরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বেসামরিক স্থাপনায় হামলা এবং নারী-শিশুদের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জোরালো হয়েছে। বিশেষ করে কারাগারে হামলার অভিযোগ নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদ একটি প্রাথমিক তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

