ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজার হৃদয়বিদারক চিত্র দেখে যুদ্ধ থামাতে আগ্রহী বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সূত্র: আল-জাজিরা
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন,
“গাজা ও ইসরায়েল থেকে আসা চিত্রগুলো অত্যন্ত মর্মান্তিক। প্রেসিডেন্ট আর এসব দেখতে চান না। তিনি মানবজীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
লিভিট জানান, গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই মুহূর্তে গাজায় যুদ্ধ বন্ধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
এদিকে আসছে সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সফর ঘিরে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নেতানিয়াহু যুদ্ধাপরাধে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক আদালতের তদন্তের মুখে রয়েছেন। এ প্রেক্ষাপটে তার মার্কিন সফরকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে ডেমোক্রেটদের পক্ষ থেকে।
ইসরায়েলি জনগণের একাংশ মনে করছেন, নেতানিয়াহুর কঠোর সামরিক অবস্থান হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কিংবা জিম্মি বিনিময়ের সম্ভাবনাকে ব্যর্থ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মধ্যস্থতাকারীরা একাধিকবার যুদ্ধবিরতির খসড়া প্রস্তুত করলেও তা বাস্তবায়ন হয়নি।
ইসরায়েল সরকারের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এই রাজনীতিক মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ইরান-ইসরায়েল উত্তেজনা ও গাজা যুদ্ধবিরতি নিয়ে ধারাবাহিক বৈঠক করছেন।
বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলকে রাজি করাতে হলে যুক্তরাষ্ট্রকেই উদ্যোগী হতে হবে এবং ট্রাম্প প্রশাসন যে সে পথে হাঁটছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত সরকারি হিসাবে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তব চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুদ্ধের তিন বছরে গাজা উপত্যকার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হাসপাতাল, স্কুল, বিদ্যুৎকেন্দ্র সবকিছুই লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

