হংকংয়ের রাজপথ এক সময় গর্জে উঠত গণতন্ত্রের দাবিতে। হাজার হাজার মানুষ হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান নিয়ে পথে নামতেন প্রতিবাদের ভাষা হয়ে। তবে সময় বদলে গেছে। আর এখন সেই রাজপথ নিঃশব্দ।
১ জুলাই: এক ইতিহাস, এক প্রতিরোধ
১৯৯৭ সালের ১ জুলাই—এক ঐতিহাসিক দিন। এদিন হংকং ছেড়ে চলে যায় ব্রিটিশ শাসন। চীনের অন্তর্ভুক্ত হয় হংকং। তবে তা ছিল চুক্তিভিত্তিক।
চুক্তিতে বলা হয়, ‘এক দেশ, দুই নীতি’ মেনে হংকং থাকবে স্বায়ত্তশাসিত। নিজস্ব বিচারব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, সমাবেশের অধিকার থাকবে অব্যাহত। এই প্রত্যাশা থেকেই হংকংবাসী প্রতিবছর ১ জুলাইকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছিল।
জাতীয় নিরাপত্তা আইন: প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা
সবকিছু পাল্টে যায় ২০২০ সালে। চীন সরাসরি হস্তক্ষেপ করে হংকংয়ে। জারি করে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন।
এই আইনে যেসব কাজ ‘‘দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রবিরোধিতা’’ হিসেবে গণ্য, তার জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়। প্রতিবাদ, সংগঠিত সভা কিংবা রাস্তায় নামাও পড়ল সেই আইনের আওতায়।
বলা চলে, এই আইন কার্যকর হওয়ার পর গণতন্ত্রপন্থিদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক কর্মী, ছাত্র, রাজনীতিক ও সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদকারী সংগঠনগুলো একে একে বন্ধ হয়ে যায়।
২০২৪ সালে আরো কঠোর আইন
চীন এখানেই থেমে থাকেনি। ২০২৪ সালে বাতিল করে আর্টিকেল ২৩, যা আগের আইনি সুরক্ষাগুলোর ভিত্তি ছিল। নতুন আইনে পুলিশের হাতে আরো ক্ষমতা তুলে দেওয়া হয়। জনসাধারণের উপস্থিতিতে বিচার প্রক্রিয়া কমে যায়। রাষ্ট্রবিরোধিতার সংজ্ঞা হয় আরও অস্পষ্ট এবং ভয়ানক।
এভাবে তৈরি হয় এক নিয়ন্ত্রিত, তীব্র নজরদারিমূলক সমাজ। যেখানে সরকার সমালোচনা মানেই “রাষ্ট্রবিরোধিতা”।
গণতন্ত্র দিবস এখন শুধুই নামমাত্র
২০২৫ সালের ১ জুলাইয়ের চিত্র দেখে মনে হয়, এটি আর কোনো গণতন্ত্রের দিবস নয়। বরং এটি এখন রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতীকী আনুষ্ঠানিকতা।
কিছু অনুষ্ঠানের আয়োজন হয় বটে, তবে তা আগে থেকেই রেকর্ড করা। ডিডাব্লিউ-কে হংকংয়ের এক ছাত্র জানায়-
তাদের একটি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি অনুষ্ঠান ধারণ করা হয়—
যার উদ্দেশ্য ছিল ১ জুলাই উপলক্ষে ভিডিও তৈরি। তারা জানতেও পারেনি, সেটি রেকর্ডিং।
প্রতিবাদের কণ্ঠ একে একে নিভে গেছে। যেসব সংগঠন একসময় রাস্তায় নামতো, সরব হতো সরকারের নীতির বিরুদ্ধে, তাদের প্রায় সবাই এখন বন্ধ।
শেষ যে সংগঠনটি টিকে ছিল, সেটি দ্য লিগ অফ সোশ্যাল ডেমোক্র্যাটস, তারা ২০২৫ সালের ৩০ জুন ঘোষণা দেয়, তারা আর কাজ চালিয়ে যাবে না।
সংগঠনের প্রধান চ্যান পো-ইং বলেন-
“সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।”
সংখ্যাই বলছে, বাস্তবতা কতটা ভয়াবহ
চীনের নিরাপত্তা আইন বলি করেছে হাজারো প্রতিবাদকারীকে। ১০ হাজার ২০০ মানুষকে আটক করা হয়েছে ২০২০ সাল থেকে। ৩০০ জনের বেশি এখনো বিচারাধীন— তাদের বিরুদ্ধে অভিযোগ ‘‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপ’’।
যেকোনো সমাবেশই এখন পুলিশি হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয়। বাধ্য হয়ে নীরবতার আশ্রয় নিচ্ছে সমাজের সচেতন শ্রেণি।
সরকার বলছে ‘স্থিতিশীলতা’, মানুষ দেখছে নিস্তব্ধতা
হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি অবশ্য পরিস্থিতিকে দেখছেন অন্যভাবে।
তিনি বলেন,
“হংকংয়ে এখন স্বাভাবিক অবস্থা ফিরেছে।
সকল প্রকার অস্থিরতা দূর হয়ে গেছে।”
তার মতে,
“প্রতিবাদের দরজা বন্ধ হওয়ায় হংকং এখন আরও স্থিতিশীল।”
কিন্তু প্রশ্ন হচ্ছে— স্থবিরতা কি স্থিতিশীলতা?
একটি সমাজে যদি মতপ্রকাশের জায়গা না থাকে, প্রতিবাদের ভাষা না থাকে। তবে সেই সমাজ কিভাবে বেঁচে থাকবে গণতান্ত্রিক কাঠামোতে?
আজ হংকংয়ের রাজপথ নিস্তব্ধ। না আছে স্লোগান, না আছে সাহসী মুখ।
গণতন্ত্র দিবস—যে দিনটি ছিল আশা, স্বপ্ন আর প্রতিবাদের প্রতীক, তা এখন পরিণত হয়েছে নীরব প্রতীকায়নে। চীন হয়তো একপেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে কিন্তু হারিয়েছে মানুষের বিশ্বাস, আর হংকং হারিয়েছে তার কণ্ঠস্বর।

