জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছে পাকিস্তান। ২০১৩ সালের পর এই প্রথমবারের মতো এই পদে ফিরল দেশটি। চলতি বছর জানুয়ারিতে দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে যোগ দেওয়ার পর, এটি পাকিস্তানের জন্য নিরাপত্তা পরিষদে অষ্টমবারের মতো দায়িত্ব পালন।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নিরাপত্তা পরিষদের সভাপতির পদটি প্রতীকী হলেও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন তাদের প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ জানিয়েছেন, ইসলামাবাদ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদমাধ্যম দ্য ডন–কে তিনি বলেন,
“জাতিসংঘ সনদ ও বৈশ্বিক প্রত্যাশা অনুযায়ী, সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য সদস্যদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বব্যাপী নিরাপত্তা হুমকি বাড়ছে। ক্রমবর্ধমান সংঘাত, ভূরাজনৈতিক টানাপড়েন, এবং অস্থিরতা বিশ্ব শান্তির জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের নেতৃত্ব পাওয়া পাকিস্তানের জন্য বড় দায়িত্ব ও সুযোগ।
বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক পেহেলগাম হামলার পটভূমিতে ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে। পাকিস্তান এই ইস্যু নিরাপত্তা পরিষদে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলায় একটি কৌশল সাজাচ্ছে নয়াদিল্লি। এর মূল ভিত্তি হবে অর্থনৈতিক সক্ষমতা ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG)। পাশাপাশি ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের ইস্যুটিও তুলবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষণ বলছে, পাকিস্তানের এ দায়িত্ব প্রাপ্তি কেবল প্রতীকী নয়—এটি ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। বিশেষত, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জোরদার করতে এটি একটি বড় সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ।

