নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির বিরুদ্ধে সরাসরি গ্রেফতারের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মামদানিকে “অবৈধ অভিবাসী” আখ্যা দিয়ে অভিবাসন আইনের ব্যত্যয় ঘটানোর অভিযোগও তুলেছেন তিনি।
মঙ্গলবার (১ জুলাই) ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
“মামদানি যদি আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্মকর্তাদের কাজ বাধাগ্রস্ত করে, তাহলে তাকে গ্রেফতার করা হবে। সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।”
ট্রাম্পের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন মামদানি প্রকাশ্যে আইসিই’র অভিযানের সমালোচনা করে আসছেন এবং নিউইয়র্ক সিটিকে ‘স্যান্কচুয়ারি সিটি’ হিসেবে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
মামদানি বলেন,
“আমি কোনো আইন ভাঙিনি। প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন শুধু এই কারণে যে, আমি আইসিই-র ভয়ভীতি ও অবিচারের বিরুদ্ধে কথা বলছি।”
তিনি আরো যোগ করেন,
“ট্রাম্পের এই বক্তব্য শুধু আমার বিরুদ্ধে নয় বরং নিউইয়র্কবাসীদেরও হুমকি দেয়। এটা স্পষ্ট বার্তা- আপনি প্রতিবাদ করলে, আপনাকেই টার্গেট করা হবে।”
এর আগে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে নির্বাসনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ওগলসের মতে, মামদানি আইনগতভাবে অভিবাসী নয় বরং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তবে মামদানি দাবি করেছেন, তিনি উগান্ডা থেকে পরিবারসহ বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং এ দেশে জন্ম ও শিক্ষা গ্রহণ করেছেন।
অবশ্য ট্রাম্প একই ভাষণে নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশংসা করে বলেন,
“অ্যাডামস খুব ভালো মানুষ। তার সঙ্গে অন্যায় হয়েছে।”
এরিক অ্যাডামস বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে মুখ খোলার পর রাজনৈতিকভাবে ‘টার্গেট’ হন বলে দাবি করেন। তার বিরুদ্ধে বিদেশি প্রভাব এবং ঘুষ গ্রহণের অভিযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চলতি বছরের এপ্রিলে মামলা প্রত্যাহার করে নেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির বিরুদ্ধে ট্রাম্পের এই অবস্থান আগামী মেয়র নির্বাচন ও প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে একটি কৌশলী পদক্ষেপ। অভিবাসন ইস্যুতে কড়া অবস্থান নিয়ে রক্ষণশীল ভোটারদের তুষ্ট করতে চাচ্ছেন ট্রাম্প।

