পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন, আহত হয়েছেন আরও ১৮ জন।
বুধবার, ২ জুলাই সকালে উপজাতি অধ্যুষিত নওগাই এলাকায় এই হামলা হয়। লক্ষ্য ছিল সহকারী কমিশনারের গাড়ি। পুলিশের ধারণা, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।
নিহতদের মধ্যে রয়েছেন—নওগাইয়ের সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম এবং কনস্টেবল রশিদ। নিহত আরও একজনের পরিচয় এখনও জানা যায়নি।
জেলা পুলিশপ্রধান ওয়াকাস রফিক জানান, সরকারি গাড়িটিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। হামলাটি যখন ঘটে, গাড়িটি চলন্ত অবস্থায় ছিল।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে।
এই ঘটনার পর আরও একবার সামনে এসেছে পাকিস্তানে চলমান নিরাপত্তা সংকট। ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান PICSCS-এর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ছয় মাসেই পাকিস্তানে রেকর্ড ৫০২টি জঙ্গি হামলা হয়েছে।
এই হামলাগুলোর শিকার হয়ে মোট ৭৩৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন ২৮৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২৬৭ জন বেসামরিক নাগরিক, ১৮০ জন জঙ্গি এবং ৬ জন শান্তি কমিটির সদস্য। শুধু জুন মাসেই পাকিস্তান ছিল বিশ্বের সবচেয়ে বেশি জঙ্গি সহিংসতায় আক্রান্ত দেশ।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানে সহিংসতার এই প্রবণতা দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা ও সীমান্তবর্তী অঞ্চলের দুর্বল নিরাপত্তা ব্যবস্থারই প্রতিফলন।
এই হামলার নেপথ্যে কারা, সেটা নিয়ে চলছে তীব্র জল্পনা— আর এর উত্তরই হয়তো বলে দেবে, দেশটির সামনে আর কী বিপদ অপেক্ষা করছে।

