ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উপকূলে ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৩৮ জনকে উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে দেশটির উদ্ধারকারী বাহিনী। সূত্র: এএফপি
ডুবে যাওয়া ফেরিটির নাম ‘কেএমপি তুনু প্রাতামা জায়া’। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানায়, গত বুধবার সন্ধ্যার দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার আধাঘণ্টার মধ্যেই ফেরিটি উত্তাল সাগরে ডুবে যায়।
বিবৃতিতে আরো বলা হয়, ফেরিটি কেতাপাং থেকে বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল। তখন এতে ৫৩ জন যাত্রী ও ১২ জন নৌকর্মীসহ মোট ৬৫ জন আরোহী ছিলেন। ফেরিতে ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহনও ছিল।
পূর্ব জাভার বানয়ুওয়াঙ্গি শহরের পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, ফেরিডুবির পর ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তাল সাগরে দীর্ঘ সময় ভেসে থাকার ফলে বেশ কয়েকজন আরোহী জ্ঞান হারিয়েছিলেন।
উদ্ধার অভিযান রাতভর চলেছে, যাতে অংশ নেয় ৯টি নৌকা। তবে প্রবল অন্ধকার এবং সাড়ে ৬ ফুট উচ্চতার ঢেউয়ের সঙ্গে লড়াই করে উদ্ধার কাজ চালিয়ে যেতে হয় উদ্ধারকর্মীদের।

