রাশিয়া সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে— এমন তথ্য নিশ্চিত করেছেন দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আন্তন আলিখানভ। ২ জুলাই (বুধবার) মস্কোর সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, রাশিয়ার সামরিক শিল্প এখন শুধু অভ্যন্তরীণ চাহিদা নয়, আন্তর্জাতিক বাজারের জন্যও প্রস্তুতি বাড়াচ্ছে।
আলিখানভ বলেন, “আমরা সম্মিলিতভাবে অস্ত্র উৎপাদনে বড় ধরনের অগ্রগতি করেছি। রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে স্পষ্ট হয়েছে, সামরিক খাত ঘোষণা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত।”
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিশ্ব অস্ত্র বাজারে রাশিয়ার অবস্থানও এখনো শক্ত। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত অস্ত্র রপ্তানিতে রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া অভ্যন্তরীণভাবে নিজেদের অস্ত্র উৎপাদন অনেক গুণ বাড়িয়েছে। নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও রাশিয়া একদিকে যেমন নিজেদের সামরিক চাহিদা পূরণ করছে, তেমনি বিদেশেও রপ্তানির জন্য সক্ষমতা ধরে রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই প্রবণতা ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা ও অস্ত্র প্রতিযোগিতার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

