বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক বিতর্কের জন্ম দিয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি ও প্রখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে ঘিরে তাঁর সাম্প্রতিক মন্তব্য ও হুমকি নিয়ে এখন গোটা যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে— এই দুইজন প্রাকৃতিকীকৃত (যারা জন্মসূত্রে নয়, বরং পরে নাগরিকত্ব পেয়েছেন) নাগরিকের নাগরিকত্ব কি আইনত বাতিল করা সম্ভব?
জোহরান মামদানি কে? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
জোহরান মামদানি, যিনি বর্তমানে নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ১৯৯০-এর দশকে উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মগ্রহণ করেন এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারে। মাত্র সাত বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং দীর্ঘদিন বসবাসের পর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।
তিনি একজন ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচিত এবং বরাবরই অভিবাসন ইস্যুতে প্রগতিশীল অবস্থান নিয়েছেন। তিনি সম্প্রতি বলেছেন, মুখোশ পরা অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) এর কর্মকর্তারা যাতে গোপনে অভিবাসীদের ধরে নিয়ে যেতে না পারে, সেজন্য তিনি তাঁদের প্রতিরোধ করবেন।
এই মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন— “যদি মামদানি আইসিই-কে বাধা দেন, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে।” শুধু তাই নয়, ট্রাম্প আরও বলেন, “আমরা এমন একজন কমিউনিস্টকে চাই না আমাদের দেশে। কিন্তু থাকলে তাকেই নজরদারিতে রাখতে হবে।”
এর মধ্যেই টেনেসি অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস ২৬ জুন মার্কিন বিচার বিভাগকে চিঠি দিয়ে আহ্বান জানান, যেন মামদানির নাগরিকত্ব বাতিলের উপযুক্ততা নিয়ে তদন্ত শুরু করা হয়।
ওগলস তাঁর চিঠিতে লেখেন— “জোহরান ‘লিটল মোহাম্মদ’ মামদানি একজন ইহুদি-বিরোধী, সমাজতন্ত্রী ও কমিউনিস্ট, যিনি নিউইয়র্ক শহর ধ্বংস করে ফেলবেন। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে হবে।”
ওগলস আরও অভিযোগ করেন, মামদানি সম্ভবত এমন কিছু বক্তব্য বা কর্মকাণ্ড গোপন রেখেছিলেন যা তাঁকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে বাধা দিতে পারত। তাঁর দাবি, নাগরিকত্ব পাওয়ার আগে মামদানি কিছু সন্ত্রাসবাদের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষে অবস্থান নিয়েছেন। বিশেষ করে তিনি একটি র্যাপ গানে বলেন— “ফ্রি দ্য হোলি ল্যান্ড ফাইভ / মাই গাইজ।” এই ‘হোলি ল্যান্ড ফাউন্ডেশন’ নামক সংস্থাকে ২০০৮ সালে হামাসকে আর্থিক সহায়তা দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
ওগলস বলেন, মামদানির এই ধরনের বক্তব্য থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি হয়তো নাগরিকত্ব পাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে এই তথ্য গোপন করেছেন।
এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে মামদানি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ এক বিবৃতি দিয়ে লেখেন:
“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। বলেছেন নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, বন্দি করে রাখা হবে, দেশে ফেরত পাঠানো হবে— এমনকি আমি কোনও আইন না ভাঙলেও। কারণ একটাই— আমি আমার শহরে আইসিই-র ভয়ঙ্কর অভিযানকে বরদাস্ত করব না।”
তিনি আরও লেখেন, “এই মুহূর্তে যখন মেগা রিপাবলিকানরা সমাজের নিরাপত্তাব্যবস্থা ধ্বংস করছে, দরিদ্রদের চিকিৎসা থেকে বঞ্চিত করছে, ধনী দাতাদের জন্য দেশ চালাচ্ছে— তখন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস প্রেসিডেন্টের এই বিভাজনের রাজনীতিতে সুর মিলিয়ে চলেছেন। কিন্তু জনগণ এর যোগ্য জবাব নভেম্বরেই দেবে।”
ইলন মাস্ক কেন ট্রাম্পের রোষানলে পড়েছেন?
ইলন মাস্ক, টেসলা ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা, যিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনে তাঁকে আর্থিকভাবে সহায়তাও করেন। কিন্তু ট্রাম্পের সদ্য পাস হওয়া বাজেট বিল নিয়ে মাস্ক তীব্র আপত্তি জানিয়েছেন।
এই বিল অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকে বৈদ্যুতিক গাড়ি কিনলে আর ৭ হাজার ৫০০ মার্কিন ডলারের কর ছাড় পাওয়া যাবে না। এতে ইলন মাস্কের ব্যবসার উপর বড় প্রভাব পড়তে পারে।
এই পরিস্থিতিতে ট্রাম্প Truth Social-এ লেখেন—
“সরকারি ভর্তুকি ছাড়া ইলনকে দোকান গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। আর কোনও রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট চালু, বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হবে না। এতে যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার বাঁচাবে।”
পরদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “দেখা যাক, আমরা ওকে (মাস্ক) নিয়ে আবার গভীর পর্যবেক্ষণ শুরু করতে পারি।”
কোন ভিত্তিতে নাগরিকত্ব কেড়ে নেওয়া যায়?
যুক্তরাষ্ট্রের আইনে বলা আছে, প্রাকৃতিকীকৃত নাগরিকদের নাগরিকত্ব শুধু তখনই বাতিল করা যায়, যখন প্রমাণ হয়—
- নাগরিকত্ব পাওয়ার সময় তাঁরা মিথ্যা তথ্য দিয়েছেন বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন
- তাঁরা সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন, যৌন অপরাধের মতো গুরুতর অপরাধে জড়িত
- বিদেশি দেশের হয়ে যুদ্ধ করেছেন বা নির্বাচনে অংশ নিয়েছেন
২০২৫ সালের ১১ জুন মার্কিন বিচার বিভাগ এক স্মারকে জানায়, তারা নাগরিকত্ব বাতিলের এইসব মামলায় এখন থেকে ‘অগ্রাধিকার’ ভিত্তিতে কাজ করবে, যদি প্রমাণ থাকে।
তাহলে কি মাস্ক ও মামদানি নাগরিকত্ব হারাতে পারেন?
আইন বিশেষজ্ঞদের মতে, এটা খুবই অসম্ভব।
ন্যাভাডা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইকেল কাগান বলেন, “নাগরিকত্ব বাতিল করার জন্য প্রমাণ থাকা চাই যে তারা জেনেশুনে মিথ্যা তথ্য দিয়েছেন। মামদানি বা মাস্কের ক্ষেত্রে এমন কিছু দেখা যাচ্ছে না। এটি মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর অস্ত্র।”
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ইতিহাস
বিশ শতকের প্রথমার্ধে, বিশেষ করে দুটি বিশ্বযুদ্ধ ও ঠান্ডা যুদ্ধের সময় অনেকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। কমিউনিজমের আশঙ্কায় ১৯১৭-১৯২০ ও ১৯৪৭-১৯৫৭ সালে বহু মানুষ এই প্রক্রিয়ার শিকার হন।
- এমা গোল্ডম্যান: রাশিয়ান সাম্রাজ্যের লিথুয়ানিয়ায় জন্ম নেওয়া এই অ্যানার্কিস্ট ১৮৮৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। যুদ্ধবিরোধী মত প্রকাশের কারণে ১৯১৯ সালে তাঁর নাগরিকত্ব বাতিল করা হয় এবং তাঁকে সোভিয়েত রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।
- পল কনাউয়ার: জার্মানি থেকে আগত এই ব্যক্তি ১৯৩৭ সালে নাগরিকত্ব পান। পরে জানা যায় তিনি নাৎসি মতাদর্শ সমর্থন করতেন। ১৯৪৬ সালে তাঁর নাগরিকত্ব বাতিল করা হয়।
তবে ১৯৬৭ সালে একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয়, কারও নাগরিকত্ব শুধু বিদেশে ভোট দেওয়ার কারণে বাতিল করা যাবে না। এর পর থেকেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার ঘটনা খুবই বিরল।
জোহরান মামদানি ও ইলন মাস্ককে ঘিরে যে নাটক চলছে, তা মূলত রাজনৈতিক কৌশল— এই বক্তব্যে একমত অধিকাংশ বিশ্লেষক। আইনি দিক থেকে নাগরিকত্ব বাতিলের সম্ভাবনা অত্যন্ত কম। তবে এই বিতর্ক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন ও নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে— ভিন্নমতের কণ্ঠকে ভয় দেখানো, বিভাজন তৈরি করা এবং অভিবাসন প্রশ্নে জাতীয়তাবাদী আবেগ উসকে দেওয়া।
নভেম্বরের নির্বাচনে জনগণ কী সিদ্ধান্ত নেবে, সেটাই এখন দেখার বিষয়। তবে ইতিহাস সাক্ষ্য দেয়— যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যতবার সংকটে পড়েছে, ততবারই জনগণের বিবেক তা জয় করেছে। এবারও কি হবে তাই?

