জাপানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপাঞ্চল টোকারা দ্বীপপুঞ্জে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ৯০০টিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গত ২১ জুন থেকে দ্বীপপুঞ্জ ও আশপাশের সমুদ্র এলাকায় ভূমিকম্পজনিত তৎপরতা অস্বাভাবিকভাবে সক্রিয়। সর্বশেষ বুধবার সেখানে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।
স্থানীয়দের আশ্বস্ত করে কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামিরও আশঙ্কা নেই। তবে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে যাতে প্রয়োজনে দ্রুত স্থানত্যাগ করা সম্ভব হয়।

ভূমিকম্পের ঘনঘটায় আতঙ্কিত হয়ে পড়েছেন দ্বীপবাসীরা। আকুসেকিজিমা দ্বীপের বাসিন্দা চিজুকো আরিকাওয়া জানান, “ভূমিকম্পের আগে সমুদ্র থেকে অদ্ভুত গর্জনের শব্দ শোনা যায়, বিশেষ করে রাতে। পুরোটা ভৌতিক মনে হয়।” একই দ্বীপের স্থানীয় প্রতিনিধি ইসামু সাকামোতো বলেন, “নিচ থেকে ধাক্কা দিয়ে ঘর দুলে ওঠে, এমন সময় অসুস্থ লাগতে থাকে।”
টোকারার সাতটি দ্বীপে প্রায় ৭০০ জন মানুষের বসবাস। অনেক দ্বীপেই নেই কোনো হাসপাতাল। চিকিৎসাসেবার জন্য নিকটতম শহর কাগোশিমায় পৌঁছাতে ছয় ঘণ্টা ফেরিযাত্রা করতে হয়। ভূমিকম্পের কারণে পর্যটকদের জন্য বরাদ্দ অনেক গেস্টহাউস এখন ব্যবহার হচ্ছে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সাংবাদিকদের অতিরিক্ত ফোন বা সাক্ষাৎকারের মাধ্যমে বাসিন্দাদের বিরক্ত না করার অনুরোধ জানিয়েছে।
এই ধারাবাহিক ভূমিকম্পের মধ্যেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ গুজব। অনেকের দাবি, ১৯৯৯ সালে প্রকাশিত রিও তাতসুকির একটি জাপানি কমিক বইয়ে ২০২৫ সালের ৫ জুলাই একটি বিধ্বংসী ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এই আশঙ্কার জেরে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে এবং অনেক পর্যটক তাদের পূর্বনির্ধারিত ভ্রমণ বাতিল করছেন।
বিবিসি জানায়, জাপানে বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প হয়ে থাকে। তবে ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশজুড়ে “দ্য বিগ ওয়ান” নামে সম্ভাব্য একটি ধ্বংসাত্মক ভূমিকম্পের আশঙ্কা গভীর হয়েছে।
এই প্রেক্ষাপটে চলতি সপ্তাহেই জাপান সরকার নতুন প্রতিরক্ষা বাধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র গঠনসহ দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা বলেন, “আপাতত আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার সময় এটা, কারণ আরো অনেক কিছু করণীয় রয়েছে।”

