যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান গাজার সাধারণ মানুষ নিরাপদে থাকুক। তাঁর ভাষায়, ‘গাজার বাসিন্দারা সত্যিই নরকের ভেতর দিয়ে গেছে।’
শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু। এতে বলা হয়, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে গাজা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওরা সত্যিই নরকের ভেতর দিয়ে গেছে।” সূত্র: আনাদোলু এজেন্সি
এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন- তিনি কি এখনো চান যে যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ করুক? এর জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবারের মতো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন। ওই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। এরপর বিভিন্ন সময়ে তিনি এ ধরনের বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন।
সপ্তাহের শুরুতেও ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেছিলেন, “আমি আশা করি, আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে।” এ সময় তিনি জানান, গাজা ও ইরান ইস্যুতে আলোচনা করতে তিনি শিগগিরই ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছে। এ পর্যন্ত এ হামলায় ৫৭ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

