যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ সম্প্রতি কংগ্রেসের উভয় কক্ষে পাস হয়েছে। বিলটি ১ জুলাই ২০২৫-এ সিনেটে ৫১-৫০ ভোটে এবং ৩ জুলাই প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটে পাস হয়। সিনেটে সমান ভোটের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাইব্রেকিং ভোট দেন। বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রিপাবলিকান পার্টির অভ্যন্তরে এটি বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে।
নিচে বিলের মূল বিষয়গুলো তুলে ধরা হলো:
বিলটি ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছে। মেক্সিকো সীমান্তে দেয়ালসহ নতুন প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণের জন্য ৫০ বিলিয়ন ডলার (৫ হাজার কোটি ডলার) বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের বহিষ্কারের জন্য ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) সংস্থাকে ৪৫ বিলিয়ন ডলার (৪ হাজার ৫০০ কোটি ডলার) দেওয়া হচ্ছে। বহিষ্কার কার্যক্রম পরিচালনায় আরো ১৪ বিলিয়ন ডলার এবং ২০২৯ সালের মধ্যে ১০ হাজার নতুন এজেন্ট নিয়োগের জন্য কয়েক বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।
২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে পাস হওয়া ‘কর হ্রাস ও চাকরি আইন’ ব্যক্তি ও ব্যবসায়িক কর হ্রাস এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করেছিল। এই সুবিধাগুলো ২০২৫ সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নতুন বিল এগুলো স্থায়ী করছে। এছাড়া ২০২৮ সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন আরো বাড়ানো হচ্ছে: ব্যক্তিগত করদাতাদের জন্য ১,০০০ ডলার, পরিবারপ্রধানদের জন্য ১,৫০০ ডলার এবং দম্পতিদের জন্য ২,০০০ ডলার।
ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ওভারটাইম আয় এবং টিপসের উপর করছাড় দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি কেনার জন্য নেওয়া ঋণের সুদও করমুক্ত হবে। ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত ৬,০০০ ডলার করছাড় রাখা হয়েছে, তবে একক আয় ৭৫,০০০ ডলার বা দম্পতির যৌথ আয় ১৫০,০০০ ডলারের বেশি হলে এই সুবিধা পাওয়া যাবে না। এই সুবিধাগুলো ২০২৮ সালে ট্রাম্পের মেয়াদ শেষে বাতিল হবে।
বিলের খরচ কমাতে রিপাবলিকানরা দুটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি- ‘মেডিকেইড’ (দরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্যসেবা) এবং ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (স্ন্যাপ, খাদ্য সহায়তা)- এর বাজেট কমিয়েছে। এই কর্মসূচিগুলোতে নতুন কাজের শর্ত যুক্ত করা হয়েছে। ‘সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ’ এর হিসাব অনুযায়ী, এর ফলে প্রায় ১৬ মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা এবং ৮ মিলিয়ন মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।
প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে পরিবেশবান্ধব যানবাহন ও প্রযুক্তির জন্য দেওয়া করছাড় এই বিলে বাতিল করা হয়েছে। বৈদ্যুতিক গাড়ির কর সুবিধা এ বছর শেষ হবে। বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকিও বাদ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে উইন্ড ও সোলার প্রকল্পে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব ছিল, তবে সিনেটের চাপে তা বাতিল হয়েছে।
অঙ্গরাজ্য ও স্থানীয় করছাড় (স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স বা সাল্ট) নিয়ে বিলটি বিতর্কিত হয়েছে। ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যের কিছু রিপাবলিকান প্রতিনিধি সাল্টে করছাড়ের সীমা ১০,০০০ ডলার থেকে বাড়িয়ে ৪০,০০০ ডলার করার দাবি জানান। প্রতিনিধি পরিষদ এই দাবি মেনে নিলেও- সিনেট জানিয়েছে এটি ২০২৮ সাল পর্যন্ত সাময়িক।
বিলটি যুক্তরাষ্ট্রের সরকারি ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার (৫ লাখ কোটি ডলার) বাড়াচ্ছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আগস্টের মধ্যে বর্তমান ঋণসীমা ছাড়িয়ে যাবে এবং সময়মতো পদক্ষেপ না নিলে দেশটি ঋণ খেলাপির ঝুঁকিতে পড়তে পারে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের বিশ্লেষণ অনুযায়ী, বিলটি ধনী শ্রেণির জন্য বেশি সুবিধা নিয়ে আসবে। উচ্চ আয়ের গোষ্ঠীর আয় ২.৪ শতাংশ বাড়তে পারে, যেখানে নিম্ন আয়ের করদাতাদের আয় ২.৫ শতাংশ কমতে পারে, মূলত মেডিকেইড ও স্ন্যাপের সুবিধা হ্রাসের কারণে। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবে, বিলটি ২০৩৪ সালের মধ্যে বাজেট ঘাটতি ৩.৩ ট্রিলিয়ন ডলার বাড়াবে, যার বেশিরভাগই ২০১৭ সালের করছাড় স্থায়ীকরণের খরচ।

