পঞ্চদশ দালাই লামার নাম ঘোষণা নিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন রেষারেষির অধ্যায় শুরু হতে যাচ্ছে। ৬ জুলাই, রোববার চতুর্দশ দালাই লামার ৯০তম জন্মদিনে উত্তর ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জে তাঁর উত্তরসূরির আত্মপ্রকাশের প্রত্যাশা করা হচ্ছে। এদিন থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক একটি নতুন মোড় নিতে পারে।
২০১১ সালে চতুর্দশ দালাই লামা জানিয়ে দিয়েছিলেন, ৯০ বছর বয়সে তাঁর উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। চলতি বছরের মার্চে প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’ এ জানিয়েছেন, পরবর্তী দালাই লামা চীনের বাইরে জন্ম নেবেন। এবার সেই কথার বাস্তবায়নের দিন ঘনিয়ে আসছে।
ধর্মশালায় অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও রাজীব রঞ্জন সিং। এছাড়া উপস্থিত থাকবেন অরুণাচল প্রদেশ ও সিকিমের মুখ্যমন্ত্রী পেমা খানডু ও প্রেম সিং তামাং। কিরেন রিজিজু ও পেমা খানডু বৌদ্ধ ধর্মাবলম্বী।
কিরেন রিজিজু জানিয়েছেন, দালাই লামা শুধু তিব্বতিদের নয়, সমগ্র বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গুরত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর উত্তরাধিকার নির্ধারণ চতুর্দশ দালাই লামার ইচ্ছা ও প্রতিষ্ঠিত ঐতিহ্যের ওপর ভিত্তি করেই হবে। দালাই লামার বাইরে এই বিষয় নিয়ে আর কেউ সিদ্ধান্ত নিতে পারবেন না। এছাড়া এই অনুষ্ঠানে দুই মন্ত্রী পাঠানোর বিষয়টি কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নয়।
ভারত মনে করে, দালাই লামার উত্তরাধিকার নির্বাচন প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। এক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কখনো হয়নি এবং থাকা উচিতও নয়। চতুর্দশ দালাই লামাও সম্প্রতি এ কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি গঠন করেছেন গাহদেন ফোডরাং ট্রাস্ট, যা উত্তরাধিকার বাছাইয়ের একমাত্র কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে।
১৯৫৯ সালে কমিউনিস্ট চীনের দমন থেকে বাঁচতে চতুর্থদশ দালাই লামা ও তাঁর অনুসারীরা ভারতে নির্বাসনে চলে আসেন। তিব্বতির ঐতিহ্য অনুসারে মাত্র দুই বছর বয়সে তাঁকে পরবর্তী দালাই লামা হিসেবে ঘোষণা করা হয়েছিল।
চীন সরকার দালাই লামাকে চিরদিনই সমস্যার কারণ হিসেবে দেখেছে। তারা চাইছে পরবর্তী দালাই লামার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে এবং পছন্দমতো উত্তরাধিকারী বেছে নিতে। তাদের দাবি, দালাই লামার মনোনয়ন তাদের অনুমোদন পেতে হবে, যা তিব্বতি জনগণ ও ভারত স্বীকার করে না।
১৯৯৫ সালে চীন কর্তৃপক্ষ তাদের পছন্দমতো পাঞ্চেন লামাকে নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার ঘটনা তার প্রমাণ। পাঞ্চেন লামা তিব্বত বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা।
আগামী রোববার পঞ্চদশ দালাই লামার আত্মপ্রকাশের মাধ্যমে ভারত-চীন সম্পর্কের উত্তেজনা তীব্র হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চীনও সম্ভবত পাল্টা দাবি জানিয়ে নিজের মনোনীত উত্তরাধিকারীর ঘোষণা দেবে।
ভারত সরকার দুই মন্ত্রী ধর্মশালায় পাঠিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা চীনের আধিপত্য স্বীকার করতে রাজি নয় এবং দালাই লামার ঐতিহ্য রক্ষায় সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
