আজ ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ২৪৯ বছর আগে এই দিনে ব্রিটিশ উপনিবেশের শাসন ও শোষণের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয় দেশটির ১৩টি উপনিবেশ। ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ নামের সেই ঘোষণাপত্রের মধ্য দিয়েই সূচনা হয় এক নতুন রাষ্ট্রের, যে রাষ্ট্র আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পরাশক্তি।
১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আয়োজিত একটি ঐতিহাসিক বৈঠকে তৎকালীন উপনিবেশগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন- তাঁরা স্বাধীনতা চান। এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক দলিল নয় বরং একটি জাতির আত্মপরিচয়ের সূচনাও।
যুক্তরাষ্ট্রে দিনটি উদ্যাপিত হয় বিশাল আয়োজনে- আতশবাজি, পতাকা মিছিল, দেশাত্মবোধক সঙ্গীত, প্যারেড ও পারিবারিক অনুষ্ঠান দিয়ে দিনটি ঘিরে থাকে আনন্দ-উৎসবে ভরা। তবে দিনটি কেবল উৎসবের নয়; বরং বহু মার্কিন নাগরিকের কাছে এটি আত্মসমালোচনার দিনও, কারণ স্বাধীনতার ঘোষণাপত্রটি ঘিরে রয়েছে নানা বিতর্ক, দ্বন্দ্ব ও অসম্পূর্ণতা।

বিপ্লবের আগুন যেভাবে জ্বলে ওঠে-
১৭৭৫ সালের দিকে আটলান্টিক উপকূলে অবস্থিত উত্তর আমেরিকার ব্রিটিশ উপনিবেশগুলোতে করের অনিয়ম, প্রতিনিধিত্বহীন শাসন এবং ব্রিটিশ সেনাবাহিনীর দমনমূলক উপস্থিতির কারণে চরম অসন্তোষ তৈরি হয়।
‘ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন’ বা ‘প্রতিনিধিত্ব ছাড়াই কর আদায় নয়‘- এই স্লোগানে উত্তাল হয়ে ওঠে বোস্টন থেকে ভার্জিনিয়া। উপনিবেশবাসীর অভিযোগ ছিল, ব্রিটিশ পার্লামেন্টে তাঁদের কোনো প্রতিনিধি নেই, অথচ কর চাপানো হচ্ছে একতরফাভাবে।
এই টানাপোড়েনের মধ্যেই ১৭৭৫ সালের এপ্রিল মাসে ম্যাসাচুসেটসের লেক্সিংটন ও কনকর্ড এলাকায় ব্রিটিশ সৈন্যদের সঙ্গে উপনিবেশবাসীর প্রথম সশস্ত্র সংঘর্ষ ঘটে। সেই রক্তক্ষয়ী সংঘর্ষই পরিণত হয় পূর্ণমাত্রার জনআন্দোলনে, যার পরিণতিতে আসে স্বাধীনতা সংগ্রাম।
স্বাধীনতার ঘোষণাপত্র: একটি ইতিহাস গড়ার দলিল-
লেক্সিংটন ও কনকর্ডের সংঘর্ষের এক বছরের মাথায় ১৭৭৬ সালের ৪ জুলাই গৃহীত হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র। এই দলিলের খসড়া প্রস্তুত করেছিলেন মাত্র ৩৩ বছর বয়সী টমাস জেফারসন। তাঁর খসড়াটি দুই দিনের ব্যাপক বিতর্ক ও পরিমার্জনার পর কন্টিনেন্টাল কংগ্রেসে চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
প্রসঙ্গত, ২ জুলাই ছিল মূল সিদ্ধান্ত গ্রহণের দিন। বেশিরভাগ প্রতিনিধি ওই দিনই সই করেন। তবে ৪ জুলাই চূড়ান্ত ভাষান্তর ও সম্পাদনার পর দলিলটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়- যার স্মরণেই এখন উদ্যাপিত হয় স্বাধীনতা দিবস।
তবে ঘোষণাপত্রটি ছিল অসম্পূর্ণ। জেফারসনের খসড়ায় দাসপ্রথার সমালোচনা ছিল কিন্তু দক্ষিণের উপনিবেশগুলোর আপত্তিতে তা বাদ দেওয়া হয়। এছাড়া আদিবাসীদের বর্ণনায় ‘নির্দয় বর্বর‘ শব্দ ব্যবহার করা হয়, যা আজকের মানদণ্ডে স্পষ্টতই বর্ণবাদী ও অবমাননাকর। নারী অধিকার নিয়েও এতে কোনো উল্লেখ ছিল না- এতে ব্যবহৃত ‘অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল’ বাক্যটি নিয়ে আজও সমালোচনা আছে।
ঘোষণা থামাতে পারেনি যুদ্ধ, বরং তীব্রতর হলো সংঘর্ষ-
স্বাধীনতার ঘোষণা ব্রিটেন কোনোভাবেই স্বীকার করেনি। বরং রাষ্ট্রদ্রোহ হিসেবে তা দমন করতে আরও কঠোর ব্যবস্থা নেয়। এরপর ১৭৭৬ থেকে ১৭৮৩ সাল পর্যন্ত টানা সাত বছর চলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ।
এই যুদ্ধে ফ্রান্স, স্পেন ও ডাচ প্রজাতন্ত্র (বর্তমান নেদারল্যান্ডস) যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেয়। ফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। ১৭৮১ সালে ইয়র্কটাউনে ব্রিটিশ পরাজয়ের পর যুদ্ধ কার্যত শেষ হয়। দুই বছর পর, ১৭৮৩ সালের প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

সত্যিই কি সব মানুষের সমান মর্যাদা নিশ্চিত হয়েছিল?
‘অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল’- এই ঘোষণার আদর্শ বাস্তবে কতটা কার্যকর হয়েছিল, সেই প্রশ্ন থেকে যায়। কারণ, দাসপ্রথা ছিল বৈধ, নারীদের ছিল না ভোটাধিকার, আদিবাসীদের ছিল না নাগরিক মর্যাদা।
ধাপে ধাপে এসব বৈষম্য দূর হয়েছে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। ১৮৬৫ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দাসপ্রথা নিষিদ্ধ হয়। নারীরা ভোটাধিকার পান ১৯২০ সালে, আদিবাসীরা নাগরিকত্ব পান ১৯২৪ সালে। ১৯৬৪ সালে পাস হয় বর্ণবৈষম্যবিরোধী আইন। প্রায় দুই শতাব্দীর সংগ্রামের পর ধীরে ধীরে বাস্তব রূপ পায় ঘোষণাপত্রের আদর্শ।
উদ্যাপনের রং যেভাবে বদলেছে-
১৭৭৭ সালে প্রথম স্বাধীনতা দিবস উদ্যাপন হয় ফিলাডেলফিয়ায়- তোপধ্বনি, গান ও আতশবাজিতে মুখর ছিল দিনটি। ১৮৭০ সালে ৪ জুলাইকে ফেডারেল ছুটি ঘোষণা করা হয় (তবে বেতনবিহীন), আর ১৯৪১ সালে তা হয় পূর্ণ বেতনের ছুটি।
সময়ের সঙ্গে উদ্যাপনের ধরণ বদলেছে- রাজনৈতিক বক্তৃতা ও প্রার্থনার জায়গা দখল করেছে আতশবাজি, কনসার্ট, পতাকা মিছিল ও পরিবারকেন্দ্রিক মিলনমেলা।
১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার দেয় ‘স্ট্যাচু অব লিবার্টি’, যা আজও দেশটির স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ২০০ বছর পূর্তিতে উদ্যাপন ছিল অভূতপূর্ব- ওয়াশিংটন ডিসিতে বিশাল কুচকাওয়াজ, নিউইয়র্কে টাল শিপ উৎসব এবং সারাদেশে উদ্যাপনের ঢল নামে।
প্রশ্ন থেকে যায়- ঘোষণাপত্রের আদর্শ কাদের জন্য?
‘সব মানুষ সমানভাবে সৃষ্টি’- এই আদর্শেই জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু প্রায় আড়াই শতক পর- বিশ্বজুড়ে দেখা যাচ্ছে ভিন্ন বাস্তবতা। গাজার মতো অঞ্চলে হাজারো নিরীহ ফিলিস্তিনির মৃত্যুতে যখন যুক্তরাষ্ট্র মূক সমর্থন দেয়, তখন প্রশ্ন ওঠে- এই আদর্শ কি কেবল মার্কিনদের জন্য?
সূত্র: লাইব্রেরি অব কংগ্রেস (U.S. Library of Congress) ইউএস ন্যাশনাল আর্কাইভ (U.S. National Archives)

