জলবায়ু পরিবর্তন মোকাবিলার বৈশ্বিক প্রচেষ্টায় এক বড় ধাক্কা দেখা দিয়েছে। তেল ও গ্যাস উৎপাদন খাত থেকে নির্গত মিথেন গ্যাস শনাক্তে উৎক্ষেপণ করা প্রায় ৯ কোটি মার্কিন ডলারের একটি অত্যাধুনিক উপগ্রহ ‘মিথেনস্যাট’ মহাকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছে। বিশ্বজুড়ে জলবায়ু বিজ্ঞানীদের মধ্যে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গত বছর ইলন মাস্কের স্পেসএক্স রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল এই উপগ্রহটি। প্রকল্পটির অর্থায়নে অংশ নিয়েছিল গুগল, জেফ বেজোসসহ একাধিক প্রযুক্তি সংস্থা ও ধনকুবের। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের লক্ষ্য ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে শক্তিশালী গ্রিনহাউস গ্যাস মিথেনের নির্গমন উৎস শনাক্ত করা, যা মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রায় এক-তৃতীয়াংশের জন্য দায়ী।
এই প্রকল্পের নেতৃত্বে থাকা মার্কিন পরিবেশবাদী সংস্থা ‘এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড’ (ইডিএফ) জানিয়েছে, দশ দিন আগে উপগ্রহটির সঙ্গে পৃথিবীর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা সন্দেহ করছে, উপগ্রহটি হয়তো শক্তি হারিয়েছে এবং পুনরুদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ।
ইডিএফ এক বিবৃতিতে জানায়, উপগ্রহটির সফটওয়্যারের কিছু অংশ ভবিষ্যতে ব্যবহারযোগ্য হতে পারে। তবে নতুন করে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, “জলবায়ু সংকট মোকাবিলায় সাহসী পদক্ষেপ ও ঝুঁকি নেওয়া জরুরি। মিথেনস্যাট সেই সাহসী প্রচেষ্টারই একটি অংশ ছিল।”
মিথেনস্যাট ছিল বিশ্বের অন্যতম উন্নত ও সংবেদনশীল উপগ্রহ। এটি তেল-গ্যাস খাতের বড় বড় ‘সুপার এমিটার’ ছাড়াও ছড়িয়ে-ছিটিয়ে থাকা কৃষিভিত্তিক ছোট ছোট উৎস থেকেও মিথেন শনাক্তে সক্ষম ছিল। মূলত এই সংবেদনশীলতাই অন্যান্য উপগ্রহের তুলনায় এটিকে আলাদা করেছিল।
গুগল পরিকল্পনা করেছিল, মিথেনস্যাট থেকে প্রাপ্ত তথ্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে বিশ্লেষণ করে একটি বৈশ্বিক মিথেন মানচিত্র তৈরি করবে। পাশাপাশি এনজিও ইডিএফ এই উপগ্রহ থেকে প্রাপ্ত বেশিরভাগ তথ্য উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, যাতে সরকার ও বিজ্ঞানীরা তা পর্যবেক্ষণ করতে পারেন।
মিথেন নির্গমনের প্রধান উৎস তেল-গ্যাস খাত, কৃষি ও আবর্জনার ভাগাড়। কিন্তু বর্তমানে যেসব উপগ্রহ এই নির্গমন পর্যবেক্ষণ করে, তাদের বেশিরভাগই বেসরকারি, ফলে তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। মিথেনস্যাট ছিল একটি স্বাধীন ও উন্মুক্ত প্ল্যাটফর্ম- যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে দূষণকারী খাত ও দেশগুলোকে শনাক্ত করার সুযোগ ছিল।
মিথেন পর্যবেক্ষণে বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য আসে ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল-৫পি উপগ্রহে থাকা TROPOMI যন্ত্রের মাধ্যমে। এই ডেটা বর্তমানে ‘কার্বনম্যাপার’ প্রকল্পের একটি বড় উৎস। তবে এই উপগ্রহের মেয়াদ চলতি বছরের অক্টোবরেই শেষ হওয়ার কথা। সে কারণে এই উপগ্রহ বন্ধ হয়ে গেলে মিথেন পর্যবেক্ষণে একটি বড় শূন্যতা দেখা দেবে।
উল্লেখ্য, মিথেন গ্যাস বায়ুমণ্ডলে খুব বেশি দিন না থাকলেও এর উষ্ণায়ন ক্ষমতা কার্বন ডাই-অক্সাইডের চেয়ে প্রায় ২৮ গুণ বেশি। ২০৩০ সালের মধ্যে মিথেন নির্গমন ৩০ শতাংশ কমানোর আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকলেও প্রতিবছর এর নির্গমনমাত্রা বাড়ছেই। ফলে বৈশ্বিক উষ্ণতা রোধে এই উপগ্রহের হারিয়ে যাওয়া এক গভীর উদ্বেগের বার্তা।

