পাক-আফগান সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে কমপক্ষে ৩০ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, নিহতদের সবাই ভারতের মদদপুষ্ট এবং পাকিস্তান তালেবান বা তাদের সহযোগী সংগঠনের সদস্য।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার (৫ জুলাই) এক বিবৃতিতে জানায়, গত তিন দিনে খাইবার পাখতুনখোয়ার সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের একটি বড় গ্রুপের গতিবিধি নজরে আসে। এরা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় অন্তত ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়।
সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে। মাত্র কয়েক দিন আগে একই প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে এক আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
পাকিস্তানি সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ তুলেছেন। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলাকারীরা ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল।”
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে বদ্ধপরিকর এবং অনুপ্রবেশ প্রতিহত করতে আমাদের নিরাপত্তা বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দেশের মাটি থেকে সকল সন্ত্রাসবাদ নির্মূলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
পাকিস্তানের এমন অভিযোগের বিষয়ে ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে অতীতেও ইসলামাবাদের এ ধরনের অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই অভিযান এবং অভিযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা এবং আফগান সীমান্তে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি তৎপরতা বাড়ায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে।
অন্যদিকে, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত পরোক্ষভাবে মদদ দিয়ে আসছে- যার মূল লক্ষ্য পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করা।
তবে আন্তর্জাতিক মহলে এ বিষয়ে নিরপেক্ষ কোনো তদন্ত বা যাচাই এখনো হয়নি।

