পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির লায়ারি এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও আরো ২৫ থেকে ৩০ জন চাপা পড়ে আছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্র: জিও নিউজ
শুক্রবার (৫ জুলাই) বিকেলে পুরোনো করাচি শহরের অন্তর্গত শাইখা রোডে ভবনটি ধসে পড়ে। পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা জানিয়েছে, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৫ জন নারী, ৮ জন পুরুষ এবং সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
পরে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব। তিনি সাংবাদিকদের জানান, ভবনটি ১৯৭৪ সালে নির্মিত হয় এবং কয়েক বছর আগেই এটি ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করেছিল করাচি নগর প্রশাসন। তিনি বলেন, “পুরোনো শহর এলাকায় আরো ৪০০-এর বেশি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব ভবনের বাসিন্দাদের অনেকবার সতর্ক করা হলেও- তারা তা উপেক্ষা করে বসবাস চালিয়ে যাচ্ছেন।”
মেয়র আরও বলেন, “আমরা চাইলে বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দিতে পারি, কিন্তু পৃথিবীর কোনো উন্নত শহর প্রশাসন এভাবে করে না, আমরাও করিনি। আজকের এই মর্মান্তিক ঘটনা তাদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।”
ধসে পড়া ভবনের পাশে থাকা দুটি ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কারণ ভবনের দূরত্ব এত কম যে একটি ধসলে পাশেরটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। স্থানীয়দের ভাষ্য, পুরো লায়ারি এলাকা দীর্ঘদিন ধরে অনিরাপদ ভবনে বসবাসের ঝুঁকিতে রয়েছে।
ঘটনার সময় ভবনটিতে ছয়টি পরিবার বসবাস করছিল বলে জানিয়েছেন দক্ষিণ করাচির উপ-কমিশনার। উদ্ধার কাজে অংশ নিয়েছেন সিভিল ডিফেন্স, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা।
লায়ারির মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক। প্রধানমন্ত্রী শেহবাজ সিন্ধ প্রাদেশিক সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ভবন ধসের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সিন্ধ প্রাদেশিক সরকার। স্থানীয় সরকারমন্ত্রী সাঈদ গনি জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

