দীর্ঘ আট মাসের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারো লেবাননে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করে একটি আবাসিক বাড়ি, একটি কাপড়ের কারখানা এবং একটি সরকারি বুলডোজার ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, শুক্রবারের এ হামলা হয় নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবালে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানায়। সবগুলো স্থাপনাই ইসরায়েলি গোলায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। হামলার প্রধান লক্ষ্য ছিল লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক মাসের অভিযানে গোষ্ঠীটির বেশ কয়েকটি ‘গুরুত্বপূর্ণ ঘাঁটি’ ধ্বংস এবং তাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহসহ শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার দাবি করে ইসরায়েল। অভিযানের পর দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে ইসরায়েলি বাহিনী।
পরে ওই বছরের নভেম্বর মাসে লেবাননের সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল। ওই চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলি সেনাদের লেবানন ত্যাগ করার কথা ছিল এবং ভবিষ্যতে দেশটির ভূখণ্ডে আর কোনো অভিযান চালানো হবে না- এমন নিশ্চয়তাও দেওয়া হয়। কিন্তু বাস্তবে তা হয়নি।
চুক্তির আট মাস অতিক্রম করলেও এখনও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যায়নি। উপরন্তু সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের সরাসরি প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ নিয়ে নতুন করে চাপে ফেলছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি লেবানন সরকারকে একটি প্রস্তাব দিয়েছেন, যাতে বলা হয়েছে- নভেম্বরের মধ্যে যদি হিজবুল্লাহ অস্ত্র ফেলে না দেয়, তাহলে ডিসেম্বর থেকে আবারো লেবাননে সামরিক অভিযান শুরু করবে আইডিএফ।
এই ঘোষণার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, তারা অস্ত্র সমর্পণ করবে না।
বিশ্লেষকদের মতে, একদিকে লেবাননে ইসরায়েলের অবস্থান বজায় রাখা এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ, দুই মিলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠছে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা সেই উত্তেজনারই ইঙ্গিত বহন করছে।

