‘অপারেশন সিন্দুর’-এর সফলতা ঘিরে ভারত আরো শক্তিশালী সামরিক প্রস্তুতির পথে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসিএ) ১.০৫ লক্ষ কোটি টাকার ১০টি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও অস্ত্র ক্রয়ের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। সব সরঞ্জামই ভারতীয় উৎস থেকে সংগ্রহ করা হবে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ প্রতিরক্ষা নীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বাধীন এই প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ জানিয়েছে, নতুন অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকীকরণ ত্বরান্বিত হবে। পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা ব্যবস্থাও হবে আরও শক্তিশালী।
কী রয়েছে ভারতের নতুন সামরিক ‘শপিং লিস্টে’?
প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের অনুমোদিত ১০টি সামরিক উপকরণ হলো:
- Armoured Recovery Vehicles (ARVs)– যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাংক ও সাঁজোয়া যান দ্রুত সরিয়ে নিতে ব্যবহৃত হয়।
- Electronic Warfare Systems– বৈদ্যুতিক সিগন্যাল নিয়ন্ত্রণ ও শত্রুর রাডার বিভ্রান্ত করতে ব্যবহৃত প্রযুক্তি।
- Integrated Common Inventory Management System (Tri-Services)– তিন বাহিনীর জন্য একীভূত সরঞ্জাম ব্যবস্থাপনা।
- Surface-to-Air Missiles (SAMs)– আকাশপথে শত্রুর বিমান ও ড্রোন প্রতিরোধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র।
- Moored Mines– সমুদ্রতলে স্থির অবস্থায় থাকা বিস্ফোরক, যা শত্রু নৌবহর ধ্বংসে কার্যকর।
- Mine Counter Measure Vessels (MCMVs)– সামুদ্রিক মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার জাহাজ।
- Super Rapid Gun Mounts (SRGMs)– যুদ্ধজাহাজে ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন কামান।
- Submersible Autonomous Vessels– পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় রোবট জাহাজ।
রাজনাথ সিং জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন ১.৪৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে বেসরকারি খাত একাই ৩২ হাজার কোটি টাকার অস্ত্র উৎপাদন করেছে।
তিনি বলেন, “দশ বছর আগে যেখানে রপ্তানি মাত্র ৬০০-৭০০ কোটি টাকায় সীমাবদ্ধ ছিল, সেখানে এখন তা ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে ভারত ১০০টিরও বেশি দেশে অস্ত্র ও সামরিক প্রযুক্তি রপ্তানি করছে।”
প্রতিরক্ষামন্ত্রী ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ টেনে বলেন, “এই অভিযানে ভারতীয় প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, ভারতীয় সেনাবাহিনী শত্রুর যেকোনো প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম।”
এছাড়াও তিনি জানান, দেশের প্রতিরক্ষা শিল্পে বর্তমানে ১৬ হাজারের বেশি এমএসএমই (MSME) সংস্থা সক্রিয় রয়েছে, যারা প্রযুক্তি উন্নয়ন এবং চাকরি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান প্রকল্প Advanced Medium Combat Aircraft (AMCA) -তে এবার প্রথমবারের মতো বেসরকারি ও সরকারি খাতের যৌথ অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে। রাজনাথ সিং একে “মেগা প্রতিরক্ষা প্রকল্পে যুগান্তকারী সুযোগ” হিসেবে আখ্যা দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক মানে পৌঁছানোর পথে বড় এক পদক্ষেপ। স্বদেশি প্রযুক্তি-নির্ভর যুদ্ধ সরঞ্জামের এই প্রবাহ ভারতকে সামরিকভাবে শুধু স্বনির্ভর নয় বরং বৈশ্বিক অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও প্রতিষ্ঠা করতে পারে।

