টেক্সাসের আকাশে নেমে আসা অঝোর বর্ষণ এক ভয়াল বিপর্যয়ে রূপ নিয়েছে। প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন মানুষ। এর মধ্যে রয়েছেন অন্তত ১৫ জন শিশু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে মরদেহ।
সবশেষ ট্র্যাভিস কাউন্টিতে চারজনের মরদেহ উদ্ধার হওয়ার পর নিশ্চিতভাবে বলা যাচ্ছে, এই ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৫০। কের কাউন্টিতে সবচেয়ে বেশি ৪৩ জনের প্রাণহানি হয়েছে, আর বার্নেট কাউন্টিতে মারা গেছেন আরও তিনজন।
কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, এখনো বহু মানুষ নিখোঁজ। শত শত উদ্ধারকর্মী মাঠে নেমেছেন, নিখোঁজদের খোঁজ না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলতেই থাকবে। এরই মধ্যে প্রায় ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট সোশ্যাল মিডিয়ায় একটি সতর্কবার্তায় টেক্সাসবাসীকে সতর্ক করে বলেন, “মনে রাখবেন, ঘুরে দাঁড়ান, ডুবে যাবেন না! পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ। বাইরে বেরোতে হলে দয়া করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।”
ট্র্যাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন জনগণকে আহ্বান জানিয়েছেন, কেউ যেন পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে যাতায়াত না করে এবং জরুরি নম্বরের সঙ্গে যোগাযোগ রাখে। তিনি স্পষ্ট করে বলেছেন, যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত কেউ যেন সেখানে ফিরে না যায়।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দিনে যত গড়িয়েছে, ততই ভয়ংকর রূপ ধারণ করেছে। সন্ধ্যার পর এক পর্যায়ে বৃষ্টিপাত রূপ নেয় প্রবল বর্ষণে। গুয়াদালুপে নদীর দুই তীরে আচমকা পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।
উপ-গভর্নর ড্যান প্যাট্রিক সংবাদ সম্মেলনে জানান, “মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। এটাই এই বিধ্বংসী পরিস্থিতির মূল কারণ।”

