আশুরার প্রাক্কালে তেহরানে ধর্মীয় অনুষ্ঠানে প্রকাশ্যে এসে সব জল্পনার অবসান ঘটালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সামরিক সংঘাতের পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাঁকে, যা গোটা ইরানজুড়ে এক শক্তিশালী বার্তা হিসেবে ধরা পড়েছে।
স্থানীয় সময় শনিবার, ৫ জুলাই, রাজধানী তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে খামেনিকে উপস্থিত থাকতে দেখা যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। অনুষ্ঠানে তিনি মুসল্লিদের শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সংগীত পরিবেশনের সময় জনপ্রিয় ইসলামি গায়ক মাহমুদ করিমিকে উৎসাহ দেন ‘হে ইরান’ গান গাওয়ার জন্য। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই গানটি দেশাত্মবোধক প্রতীক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল-ইরান সংঘাতে প্রাণ হারান ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। ইসরায়েল কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইরানের ভেতরে একাধিক বিমান হামলা চালায়, যার জবাবে ইরানও পাল্টা প্রতিশোধ নেয়। এই পুরো সময়জুড়ে খামেনির অনুপস্থিতি ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে। জনসমক্ষে না এসে টেলিভিশনে তিনটি পূর্ব-রেকর্ড করা বার্তা প্রচার করায় অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো কোনো গোপন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন।
তবে শনিবারের সরাসরি উপস্থিতি সেই সব গুজবের অবসান ঘটায়। সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মনোবলের প্রকাশ হিসেবেও দেখছেন।
এর আগেই, ২৬ জুন দেওয়া এক ভাষণে খামেনি হুশিয়ারি দিয়ে বলেছিলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত আহ্বানই করুন না কেন, ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।” সেই বক্তব্যের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতায় এগিয়ে আসেন এবং তাঁর উদ্যোগেই শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছায়।
এই যুদ্ধবিরতি আপাতত রক্তক্ষয় থামালেও, তেহরান ও তেলআবিবের সম্পর্ক যে এখনো টালমাটাল, তা স্পষ্ট। তবে খামেনির সরাসরি উপস্থিতি যেন একবারে বলে দিল—ইরানের নেতৃত্ব এখনো অটুট, এবং আশুরার দিন সত্য ও প্রতিরোধের প্রতীক হয়ে আবারও সামনে এলো।

