জাপানে শিক্ষার্থীদের নিজ হাতে স্কুল পরিষ্কার করার চর্চা বিশ্বজুড়ে বিস্ময়ের জন্ম দেয়। শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়া থেকে শুরু করে টয়লেট পরিষ্কার করা পর্যন্ত সব দায়িত্ব পালন করে শিক্ষার্থীরাই। যেখানে অনেক দেশে এসব কাজের জন্য আলাদা পরিচ্ছন্নতাকর্মী রাখা হয়, সেখানে জাপান এই পদ্ধতিকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে।
জাপানের প্রতিটি স্কুলে ‘টোবান কাটসুডো’ নামে পরিচিত একটি কর্তব্যভিত্তিক ব্যবস্থা চালু আছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুলের বিভিন্ন অংশ পরিষ্কার করে। কিন্তু এটা শুধু কাজের দায়িত্ব নয় বরং দায়িত্ব, শৃঙ্খলা, দলগত মানসিকতা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষা।
কেন এই অভ্যাস গড়ে তোলা হয়?
১. পরিচ্ছন্নতাকে মূল্যবোধ হিসেবে গড়ে তোলা- জাপানি সংস্কৃতিতে পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক বিষয় নয়, এটি একটি আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ। শিন্তো ধর্ম মতে, পরিচ্ছন্নতা মানে পবিত্রতা। এই চেতনা ছোটবেলা থেকেই গড়ে তোলা হয়।
২. দায়িত্ববোধের শিক্ষা- নিজেদের পরিবেশ পরিষ্কার করতে শিখে শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে। তারা শেখে মালিকানা নিতে, কাজের জবাবদিহিতা বুঝতে এবং নিজেদের চারপাশের প্রতি যত্নবান হতে।
৩. পরিচ্ছন্নতাকর্মী ছাড়াই চলা- জাপানের বহু স্কুলে আলাদা কোনো পরিচ্ছন্নতাকর্মী নেই। শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এতে শ্রেণিভেদ কমে এবং সম্মানবোধ বাড়ে।
৪. জীবন দক্ষতা ও চরিত্র গঠনের উপায়- পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে শিক্ষার্থীরা শেখে সময় ব্যবস্থাপনা, দলগত কাজ, ধৈর্য, নম্রতা এবং অধ্যবসায়ের মতো মূল্যবান গুণাবলি। এগুলো পরবর্তী জীবনে বড় ভূমিকা রাখে।
৫. আজীবনের শিক্ষা: স্কুলজীবনে গড়ে ওঠা এই অভ্যাস শিক্ষার্থীদের সারা জীবনের আচরণ ও মনোভাবকে প্রভাবিত করে। এতে তারা আরও দায়িত্ববান, পরিচ্ছন্নতাপ্রেমী এবং সচেতন নাগরিক হয়ে ওঠে।
বিশ্বের নানা দেশ যখন শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ঘাটতির কথা বলছে, তখন জাপানের এমন একটি ছোট অথচ গভীর দৃষ্টিভঙ্গি প্রমাণ করে- শিক্ষা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয় বরং তা আচরণ ও জীবনদর্শনেও প্রতিফলিত হওয়া উচিত।

