ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতের পতাকা আবর্জনার স্তুপে জ্বলছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্ত শুরু করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) রাতে এনডিটিভির এক প্রতিবেদনে ভারতের জাতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শহর পরিচালনা সংস্থার নির্ধারিত একটি বর্জ্য ফেলার জায়গায়, যা ভোপালের ওয়ার্ড ৫০-এর অফিসের কাছেই অবস্থিত। শাহপুরা থানার উপ-পরিদর্শক হরিশ গুজারবোস বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।” তিনি আরো জানান, জাতীয় পতাকা পোড়ানোর বিষয়ে এখন পর্যন্ত দুটি পৃথক অভিযোগ জমা পড়েছে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি হয়। কংগ্রেস এবং বিজেপি- উভয় দলের নেতারাই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কঠোর পদক্ষেপ দাবি করেন।

কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের কাছে অভিযোগ দেয়। তিনি অভিযোগ করেন, “এটি নিয়মিতভাবে পৌরসংস্থার কর্মীদের দ্বারা পরিচালিত একটি আবর্জনা পোড়ানোর স্থান। তারাই জাতীয় পতাকা-সহ অন্যান্য বর্জ্য এখানে পুড়িয়ে থাকে।”
বিজেপির কর্পোরেটর সুষমা ববিশাও স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেন, “এই অপমান মেনে নেওয়া যায় না। যারা এই ঘটনায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, জাতীয় পতাকার মর্যাদার এমন অবমাননা ভারতের সংবিধান ও আইনের পরিপন্থী এবং এর দায় সংশ্লিষ্ট পৌর কর্মকর্তাদের নিতে হবে।
ভারতের পতাকা সংক্রান্ত আইন অনুযায়ী, জাতীয় পতাকা পোড়ানো বা অপমানজনকভাবে ব্যবহার করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য আইনি শাস্তির বিধান রয়েছে। তদন্ত চলছে বলেও জানিয়েছে প্রশাসন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

