ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরো ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA। শনিবার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি গাজায় প্রবেশ করতে না দিলে মৌলিক সেবাসমূহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যা আরো চরম ভোগান্তি সৃষ্টি করবে এবং এটি হবে এক ধরনের সম্মিলিত শাস্তি।
UNRWA জানায়, “জরুরি ভিত্তিতে জীবনরক্ষাকারী সেবা- যেমন হাসপাতালের জেনারেটর, অ্যাম্বুলেন্স, বেকারি ও পানি পাম্প- চালু রাখতে হলে জ্বালানি প্রবেশের অনুমতি দিতে হবে। জাতিসংঘ, বিশেষ করে UNRWA’র মাধ্যমে এটি পরিচালিত হওয়া উচিত।”
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও শনিবার সতর্ক করে বলেছে, জ্বালানি ঘাটতির কারণে হাসপাতালগুলোর বিদ্যুৎ জেনারেটর বন্ধ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। এতে অবশিষ্ট কয়েকটি সচল হাসপাতালের কার্যক্রমও চরমভাবে হুমকির মুখে পড়ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, “এই সংকট স্বাস্থ্যখাতের মারাত্মক ধসকে আরো তীব্র করেছে। সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা ইসরায়েলি দখলদারদের ওপর চাপ সৃষ্টি করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে।”
এর আগে গত মঙ্গলবার গাজা শহরের আল-শিফা হাসপাতালে জ্বালানি না থাকায় ডায়ালাইসিস সেবা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সীমান্ত অতিক্রম করে খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এতে গাজার ২৪ লাখ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে এবং অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়েছে। ইতোমধ্যে ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে।
আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ৫৭,২০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (ICJ) গণহত্যার অভিযোগে একটি মামলার বিচারকাজ চলছে।

