ব্রিটেনে নতুন করে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে নিষিদ্ধ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায়ই গ্রেপ্তার হলেন এক ৮৩ বছর বয়সী খ্রিস্টান পুরোহিত। তার অপরাধ? একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা যেখানে লেখা ছিল—“আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।”
এই নারী, রেভারেন্ড সু পারফিট, ব্রিস্টলের বাসিন্দা এবং বহুদিন ধরেই শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িত। কিন্তু শনিবার রাতে যখন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কার্যকর হলো, তখন সেই আইনের প্রথম শিকার হয়ে উঠলেন এই প্রবীণ। শুধু পারফিট নন, তার সঙ্গে আরও অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয় যারা প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হওয়াকে অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখছেন এবং যারা এর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন।
রেভারেন্ড পারফিটের গ্রেপ্তার সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেউ লিখেছেন—“এটা কর্তৃত্ববাদী শাসনের আরও এক ধাপ। এখন কি তাহলে সত্য বলাও অপরাধ?” কেউ প্রশ্ন তুলেছেন—“তাকে নায়িকা বলা কি এখন অবৈধ?” তার এক বন্ধু, জেরি হিকস, স্পষ্ট করে বলেছেন—“সে শুধু গণহত্যার বিরুদ্ধে কথা বলেছে। এটাই কি অপরাধ?”
পাল্টা সমর্থনে অনেকে তাকে ‘অবিশ্বাস্য সাহসী’ বলে আখ্যা দিয়েছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন—“রেভারেন্ড সু পারফিট আমাদের সেই মানুষদের একজন যাদের আমরা একদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবো, যখন এই দুঃস্বপ্নের সময়টা কেবল অতীত হবে।”
শনিবার রাত ১২টা ১ মিনিটে ব্রিটিশ সরকার যে নিষেধাজ্ঞা কার্যকর করে, তার আওতায় প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়। এ সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া বা সমর্থন জানানো—এমনকি প্রতীকীভাবে তাদের পক্ষেও অবস্থান নিলে এখন থেকে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই ঘোষণা দেন, সংগঠনটি সম্প্রতি অক্সফোর্ডশায়ারের রাফ ঘাঁটিতে দুটি মিলিটারি বিমান নষ্ট করার দায় স্বীকার করার পর।
ব্রিটিশ পুলিশ দাবি করেছে, বিমানদুটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ মিলিয়ন পাউন্ড। যদিও এই দাবির স্বতন্ত্র যাচাই এখনো হয়নি। সংগঠনটি সেই হামলার দায় স্বীকার করলেও সন্ত্রাসবাদী লেবেলকে অস্বীকার করেছে। তাদের ভাষ্যমতে, তারা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ সরাসরি অ্যাকশনের মাধ্যমে ইসরায়েলকে অস্ত্র সরবরাহে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের লক্ষ্য এসব কোম্পানির কার্যক্রম বন্ধ করা, কারণ তারা ‘ইসরায়েলের যুদ্ধাপরাধে’ সহযোগী।
প্যালেস্টাইন অ্যাকশন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিল। তারা হাইকোর্টে অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদন করে, কিন্তু তা শুক্রবার খারিজ হয়ে যায়। এরপর তারা আপিল করলেও নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দুই ঘণ্টা আগে কোর্ট অব অ্যাপিলও সেই আবেদন প্রত্যাখ্যান করে।
এই নিষেধাজ্ঞা একইসঙ্গে আরও দুইটি সংগঠনের বিরুদ্ধেও প্রয়োগ করা হয়েছে—একটি উগ্র ডানপন্থী, নাৎসিবাদী দল এবং আরেকটি রুশপন্থী । অনেকেই প্রশ্ন তুলছেন, ফিলিস্তিনপন্থী একটি রাজনৈতিক কর্মসূচির সংগঠনকে এই ধরনের উগ্র সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একসাথে তালিকাভুক্ত করার মধ্যে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক হিসাব আছে কি না।
নিষেধাজ্ঞার পরপরই মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনায় মুখর হয়েছে। তারা বলছে, এই পদক্ষেপ ‘অতিরিক্ত প্রতিক্রিয়াশীল’ এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার একটি বিপজ্জনক উদাহরণ। বিশেষ করে এমন একটি সময়ে যখন ব্রিটেনে ও বিশ্বজুড়ে বহু মানুষ ফিলিস্তিনে চলমান মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন ও প্রতিবাদমুখর।
রেভারেন্ড সু পারফিটের মতো একজন বয়স্ক নারী যিনি জীবনের বেশিরভাগ সময় মানবতা, ন্যায়বিচার এবং শান্তির পক্ষে কাজ করে গেছেন, তার বিরুদ্ধে এমনভাবে আইন প্রয়োগ করাটা নিঃসন্দেহে দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি এক গভীর আঘাত।
যদি গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোই অপরাধ হয়, তবে কী ধরনের সমাজ আমরা গড়ে তুলছি? ইতিহাস হয়তো এই প্রশ্নের জবাব দেবে, কিন্তু রেভারেন্ড সু পারফিটের মতো মানুষরাই তখন আমাদের বিবেককে স্মরণ করিয়ে দেবেন—এই অন্ধকার সময়েও কেউ কেউ আলো নিয়ে দাঁড়িয়েছিল।

