ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তবে এটি আত্মহত্যা না কি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা, তা এখনো নিশ্চিত নয়।
রোববার (৬ জুলাই) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনাসদস্য শনিবার রাতে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সোলকি গ্রামে অবস্থিত কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন। হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা সেখানে ছুটে যান। গিয়ে তারা দেখেন, সেনাসদস্য ঘটনাস্থলেই মারা গেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হলেও নিশ্চিতভাবে জানা যায়নি, এটি আত্মহত্যা না কি দুর্ঘটনাবশত চালানো গুলির ফল। পুলিশ বিষয়টি তদন্তে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানানো হয়েছে।

