গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী হামাসকে প্রায় নির্মূল করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক। রোববার (৬ জুলাই) ইসরায়েলি দৈনিক মারিভ-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি লিখেছেন, যুদ্ধের আগে হামাসের যোদ্ধার সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার, আর এখন তারা ফের সেই অবস্থানে ফিরে গেছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এমনটাই জানা যায়।
জেনারেল ব্রিক বলেন, “হামাস কখনোই কোনো পূর্ণাঙ্গ সেনাবাহিনী ছিল না। বরং তারা সবসময় গেরিলা কৌশলে যুদ্ধ করে এসেছে। তাই তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে- এই দাবি ভিত্তিহীন।”
তিনি আরো উল্লেখ করেন, গাজার ভেতরে বহু হামাস যোদ্ধা এখনো সুড়ঙ্গের ভেতর অবস্থান করছে এবং সেখান থেকেই তারা অভিযান পরিচালনা করছে। যুদ্ধের শুরুর মতোই এখনো তারা গেরিলা পদ্ধতিতে লড়াই চালিয়ে যাচ্ছে।
ব্রিকের এই মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাম্প্রতিক বিবৃতির বিপরীত। আইডিএফ দাবি করেছে, তারা হামাসকে প্রায় সম্পূর্ণরূপে নির্মূল করেছে এবং গাজায় হামাসের সামরিক ক্ষমতা ভেঙে পড়েছে।
তবে ইয়েজহাক ব্রিকের বিশ্লেষণ বলছে, বাস্তবতা আরো জটিল এবং গাজায় হামাসের সামরিক উপস্থিতি এখনো টিকে আছে। তিনি তার লেখায় ইসরায়েলি নেতৃত্বের কৌশলগত মূল্যায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন।

