মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজা ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ থামাতে এই সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনার কথা বলছেন, তখনই ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ৮২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৩৯ জন।
রোববার (৬ জুলাই) ভোররাতে ইসরায়েলি বিমান হামলার পর গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় যেসব দৃশ্য দেখা গেছে, সেসব ‘জাহান্নমের মতো’ বলে বর্ণনা করছেন স্থানীয়রা। ধ্বংসস্তূপের নিচ থেকে কেউ মরদেহ খুঁজে বের করছে, কেউ বা ঘাম ঝরিয়ে বাঁচাতে চাইছে নিজেদের প্রিয়জনকে।
বোমা হামলা থেকে বেঁচে ফেরা মাহমুদ আল-শেইখ সালামা জানান, “রাত দুইটার দিকে এক তীব্র বিস্ফোরণের শব্দ শুনি, কিছুক্ষণ পর আরেকটি বিস্ফোরণ। আমরা দৌড়ে যাই… চারটি পরিবার ধ্বংসস্তূপে আটকা পড়ে। তিন ঘণ্টা চেষ্টা করে মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকিরা সবাই শহীদ হয়েছেন।”
আল জাজিরার গাজা প্রতিনিধির বরাতে জানা যায়, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সাতটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় একটি স্থানীয় কমিউনিটি কিচেনেও হামলা চালানো হয়, যাতে নিহত হন তিনজন—যার মধ্যে ছিলেন কিচেনটির মূল ব্যবস্থাপকও।
সবচেয়ে ভয়ংকর দিক হলো, ত্রাণ সংগ্রহ করতে গিয়েও মানুষ রক্ষা পাচ্ছে না। গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, রোববার সকাল থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে অন্তত ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এর আগেও মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত GHF (Gaza Humanitarian Foundation) পরিচালিত বিভিন্ন ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৭৪৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছে অন্তত ৪ হাজার ৮৯১ জন।
শনিবার ত্রাণ কেন্দ্রের কাছে দুই মার্কিন নাগরিক আহত হন, যাদের উপর ‘গ্রেনেড ছুড়ে হামলা চালানো হয়েছে’ বলে প্রাথমিক ধারণা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসকে দোষারোপ করলেও গাজার সরকারি মিডিয়া অফিস তীব্রভাবে এ অভিযোগ অস্বীকার করেছে।
তারা জানায়, “আমরা স্পষ্টভাবে বলছি, গাজায় তথাকথিত GHF পরিচালিত ত্রাণকেন্দ্রে মার্কিন নাগরিকদের ওপর বিস্ফোরক হামলার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এটা ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামকে কালিমালিপ্ত করার অপচেষ্টা।”
একই সময়ে, ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে তিনি একটি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, এবং “এই সপ্তাহেই চুক্তি হতে পারে।” তবে তার প্রস্তাব কার্যকর হওয়ার আগেই, ইসরায়েলের হিংস্রতা যেন আরও বেড়ে গেছে।
একদিকে ট্রাম্প যুদ্ধ থামানোর বার্তা দিচ্ছেন, অন্যদিকে গাজার মানুষের লাশ পড়ে থাকছে ত্রাণের লাইনে, ধসে পড়া ভবনের নিচে, রান্নাঘরের পাশে। এখন প্রশ্ন হলো—এই যুদ্ধবিরতি কাকে রক্ষা করবে? প্রস্তাবিত শান্তি কি আদৌ গাজায় পৌঁছাবে, নাকি আরও প্রাণ হারানোর পর শান্তির নামের কাগজে নতুন করে লেখা হবে রক্তের ছাপ?

