যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গুয়াডালুপে নদীর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। রাজ্যের দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানকার একটি খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছে বহু শিশু। তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় কর্তৃপক্ষ, যারা আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ আবহাওয়া অফিস মঙ্গলবার পর্যন্ত আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এতে নতুন করে বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ২৮ জনই শিশু। বেশিরভাগ শিশুই নিখোঁজ হয়েছিল ‘ক্যাম্প মিস্টিক’ নামের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে। তিনি বলেন, “এখনো ১০ জন মেয়ে ও এক জন ক্যাম্প কাউন্সেলর নিখোঁজ রয়েছেন। যতদিন না সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিন আমরা থামবো না।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “এটা এক নির্মম ও মর্মান্তিক ঘটনা। আমরা প্রার্থনা করছি সব ভুক্তভোগীদের জন্য, প্রার্থনা করছি টেক্সাসের জন্য।” তিনি জানান, আগামী শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন এবং ইতোমধ্যে গভর্নরের সঙ্গে তার প্রশাসনের যোগাযোগ হয়েছে।
টেক্সাসের মধ্যাঞ্চলে স্বাধীনতা দিবসের দিন শুক্রবার প্রচণ্ড বৃষ্টির কারণে গুয়াডালুপে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এর ফলে নদীর তীরবর্তী বহু গ্রাম ও শহর প্লাবিত হয়। বিশেষ করে বার্নেট, ট্রাভিস, উইলিয়ামসন এবং টম গ্রিন কাউন্টিগুলোতে বহু মানুষের প্রাণহানি ঘটে।
টেক্সাস ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রধান নিম কিড জানান, “আমরা নদী বরাবর আরও কিছু অঞ্চলে মানুষকে সরিয়ে নিচ্ছি, কারণ নতুন করে নদীর পানি ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে।”
বন্যা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল কিনা, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি রবিবার সক্রিয় হয়েছে এবং জরুরি সহায়তা দিতে শুরু করেছে। তবে কেন্দ্র ও রাজ্য কর্তৃপক্ষ যথাসময়ে পর্যাপ্ত সতর্কতা জারি করেছে কিনা, তা নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে।
আল জাজিরার প্রতিবেদক শিহাব রাত্তানসি জানান, গুয়াডালুপে নদীর তীরবর্তী অনেক এলাকায় জাতীয় আবহাওয়া দফতর আগাম সতর্কবার্তা পাঠালেও কের কাউন্টির লোকজনকে সরিয়ে নেওয়া হয়নি। কেন তাদের সতর্ক করা হয়নি, তা নিয়ে এখনো কোনো ব্যাখ্যা মেলেনি।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে ফেমা (FEMA) সহায়তা ধাপে ধাপে কমিয়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছিলেন। এমনকি একবার বলেছিলেন, “যদি কোনো গভর্নর বারবার ফেডারেল সাহায্য চায়, তবে সম্ভবত সে নিজেই কাজটি করার যোগ্য নয়।” যদিও এবার তিনি বলছেন, “এই মুহূর্তে আমরা কাজ করছি, পরবর্তী পরিকল্পনা পরে আলোচনা করা যাবে।”
এই বন্যার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও প্রশ্ন উঠছে। কারণ বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে বাতাসে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়ছে, যা আরও তীব্র ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অথচ ট্রাম্প প্রশাসন জলবায়ু পরিবর্তন সম্পর্কিত গবেষণা ও পূর্বাভাসে বাজেট কাটছাঁট করেছে।
ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (NOAA) সাবেক পরিচালক রিক স্পিনর্যাড বলেন, “যত কম গবেষণা হবে, তত কম নিখুঁত হবে আবহাওয়ার পূর্বাভাস। আর এর মানে হলো, মানুষ আগেভাগে প্রস্তুতি নিতে পারবে না। হ্যারিকেন, বন্যা, খরা, দাবানল – সবকিছুর পূর্বাভাস দুর্বল হয়ে পড়বে।”
ফেব্রুয়ারিতেন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের-এ শত শত বিজ্ঞানীর পদ কাটছাঁট করা হয়, যার প্রভাব এখন স্পষ্ট বলে মন্তব্য করেছেন তিনি।
গভর্নর অ্যাবট রবিবারকে “প্রার্থনার দিন” ঘোষণা করে বলেন, “আমি টেক্সাসবাসী সবাইকে অনুরোধ করছি, আমরা যারা প্রাণ হারিয়েছি তাদের জন্য, যারা এখনো নিখোঁজ, যারা উদ্ধার কাজে দিনরাত কাজ করছেন এবং যারা ঘরহারা হয়েছেন – তাদের সবার জন্য প্রার্থনা করি।”
এদিকে ভ্যাটিকান সিটিতে পোপ লিও চতুর্দশ বিশেষ প্রার্থনা করেছেন বন্যাদুর্গতদের জন্য। তিনি বলেন, “আমরা বিশেষভাবে প্রার্থনা করছি সেই পরিবারগুলোর জন্য, যারা প্রিয়জন হারিয়েছেন—বিশেষ করে সেই শিশুগুলোর জন্য যারা গ্রীষ্মকালীন ক্যাম্পে ছিল এবং আর ফিরে আসেনি।”

