মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার নতুন রাজনৈতিক দল “আমেরিকান পার্টি” গঠনের ঘোষণা দেওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময়ের ঘনিষ্ঠ মিত্রের এমন রাজনৈতিক পদক্ষেপে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন রিপাবলিকান নেতা।
রোববার, এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন,
“তৃতীয় একটি দল গঠন করা খুবই হাস্যকর। আমেরিকায় সবসময় দুই দলীয় ব্যবস্থা ছিল, আর তৃতীয় দল গঠনের ফলে শুধু বিভ্রান্তি বাড়বে।”
গত কয়েক সপ্তাহ ধরেই ইঙ্গিত দিয়ে আসছিলেন ইলন মাস্ক, অবশেষে এক্স (পূর্বের টুইটার)–এ তিনি ঘোষণা দেন, “আমেরিকান পার্টি” নামের একটি নতুন রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করছেন।
তার ভাষায়, এই দলটি যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল—রিপাবলিকান ও ডেমোক্রেট—কে “ইউনিপার্টি” বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি বাস্তব চ্যালেঞ্জ তৈরি করবে।
মাস্ক এবং ট্রাম্প এক সময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ক গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট (DOGE)–এর নেতৃত্বে ছিলেন, যার উদ্দেশ্য ছিল সরকারি ব্যয় হ্রাস ও সুশাসন নিশ্চিত করা।
কিন্তু মাস্ক পরবর্তীতে একাধিকবার ট্রাম্প প্রশাসনের বাজেট ব্যয়, ঋণ এবং জলবায়ু-সংক্রান্ত নীতির তীব্র সমালোচনা করেন। বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেল বাধ্যতামূলক করার প্রস্তাবকে ঘিরেই দ্বন্দ্ব চরমে পৌঁছায়।
রোববার ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ লিখেছেন,
“গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক যেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাকে এখন ট্রেন দুর্ঘটনার মতো দেখতে লাগে।”
তিনি মাস্কের ইলেকট্রিক গাড়ি বাধ্যতামূলক করার ভাবনাকে তীব্রভাবে আক্রমণ করে বলেন,
“এই আদেশ কার্যকর হলে, জনগণকে জোর করে খুব দ্রুত ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।”
চলতি বছরের ৪ঠা জুলাই ট্রাম্পের বাজেট ও ব্যয় পরিকল্পনা আইন আকারে পাস হয়েছে। এতে ইলেকট্রিক গাড়ির জন্য করছাড় বাতিল করা হয় এবং জনগণকে আবারও যেকোনো ধরনের গাড়ি—পেট্রোল, হাইব্রিড বা ইভি—নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়।
তবে এই আইনে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচি-তে বাজেট কমানো হয়েছে, যার ফলে গণমাধ্যম ও রাজনীতিকদের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
ইলন মাস্ক জানিয়েছেন, তার নতুন দল আপাতত প্রেসিডেন্ট পদে প্রার্থী দেবে না, বরং আগামী ১২ মাসে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ও সেনেট—এই দুই কক্ষেই নিজের প্রভাব বিস্তারের লক্ষ্যে কাজ করবে।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদের মধ্যেই ইলন মাস্ক তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন দিগন্ত উন্মোচন করছেন। দুই সময়ের দুই মিত্র এখন দুই মেরুতে। একজন প্রতিষ্ঠিত ক্ষমতাধর প্রেসিডেন্ট, অন্যজন পৃথিবীর সবচেয়ে আলোচিত উদ্যোক্তা—এই সংঘর্ষে কে জিতবে তা সময়ই বলবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, ২০২6 সালের মার্কিন নির্বাচনী প্রক্রিয়ায় ইলন মাস্ক নামটি আর শুধু প্রযুক্তি জগতেই সীমাবদ্ধ থাকছে না।

