ইসরায়েল থেকে সংবাদ সংগ্রহ এখন শুধু কঠিন নয়, হয়ে উঠছে বিপজ্জনক। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির সেন্সরশিপ আইন আরও কঠোর হয়েছে, যার পরিণতিতে দেশি-বিদেশি সাংবাদিকদের কণ্ঠরোধ, হয়রানি ও সহিংসতার মুখে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি ভুগছেন ফিলিস্তিনি সাংবাদিকরা—যারা ইসরায়েলের ভেতরে থেকেই রিপোর্ট করছেন।
ইসরায়েলি সেন্সর অফিস এখন এমন ক্ষমতা রাখে যা বিশ্বের কোনো উদার গণতান্ত্রিক দেশে বিরল। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যেকোনো প্রতিবেদন সেন্সরের অনুমতি ছাড়া প্রকাশ করা নিষিদ্ধ।
প্রতিবাদী ও সমালোচনামূলক অনলাইন ম্যাগাজিন +972 ম্যাগাজিন জানিয়েছে, ২০২৪ সালে সেন্সর অফিস ১,৬৩৫টি প্রতিবেদন পুরোপুরি নিষিদ্ধ করেছে এবং ৬,২৬৫টি প্রতিবেদনে হস্তক্ষেপ করেছে। প্রতিদিন গড়ে ২১টি রিপোর্ট সেন্সর করা হয়েছে।
হাগগাই মাত্তার বলেন, “এই ধরনের সেন্সরশিপ পৃথিবীর কোনো উদার ও গণতান্ত্রিক দেশে দেখা যায় না।”
রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) ২০২৫ সালে তাদের বিশ্ব সাংবাদিকতা স্বাধীনতা সূচকে ইসরায়েলকে ১১২তম স্থানে নামিয়ে এনেছে (গত বছর ছিল ১০১)। সংস্থাটি বলেছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ‘সাংবাদিকতা ধ্বংস করে দিচ্ছে’। ইতোমধ্যে গাজায় ২০০ জনের মতো সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী— যা বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।
গ্যালিলি অঞ্চলের ফিলিস্তিনি সাংবাদিক রাজি তাতুর, যিনি জর্ডানের সংবাদমাধ্যম ‘আলঘাদ টিভি’র হয়ে কাজ করছেন, তিনি জানান— তাকে একাধিকবার হয়রানি, অপমান, এমনকি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
একবার তিনি তেল আবিবের কাছে একটি ক্ষতিগ্রস্ত ভবন থেকে লাইভ করছিলেন, তখন এক পুলিশ অফিসার তাকে আরবি ভাষায় কথা বলতে শুনে তাঁকে “সন্ত্রাসী” বলে আখ্যা দেন।
তাতুর বলেন:
“তারা আমাদের লাইভ ক্যাবল কেটে দেয়, সম্প্রচার বন্ধ করে দেয়, এমনকি আমাদের সরঞ্জামও জব্দ করে।”
“পরদিন পুলিশ আমাদের হোটেল রুমে হানা দিয়ে আবার সম্প্রচার বন্ধ করে দেয় এবং আমাদের হুমকি দেয়— বলেছিলাম আমরা হিজবুল্লাহর সঙ্গে কাজ করছি।”
তাতুর বিশ্বাস করেন, এটি একটি সুপরিকল্পিত ভয়ভীতি প্রদর্শনের অংশ।
“আমাদেরকে উদাহরণ বানানো হয়েছে— যেন অন্য সাংবাদিকরা ভয় পায়। এটাই বাস্তবতা, এবং এতে ভীষণ ভয় আছে।”
আই’লাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান আন্তন শালহাত বলেন, অন্তত ৩০ জন ফিলিস্তিনি সাংবাদিক সাম্প্রতিক হামলার সময় পুলিশের হাতে হয়রানির শিকার হয়েছেন। কারও সরঞ্জাম জব্দ হয়েছে, কেউ মারধরের শিকার হয়েছেন, আর কেউ ভীতিকর জনতার তাণ্ডবের মুখে পড়েছেন।
তিনি বলেন,
“ইসরায়েলে এখন সাংবাদিকতার অধিকার আর সংবিধানে গ্যারান্টি নয়— এটা এখন নির্ধারিত হয় আপনি কোন জাতির, কার প্রতি আপনার আনুগত্য।”
২০২৪ সালে ইসরায়েল আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিলে, সরকার এরপর “আভ্যন্তরীণ শত্রু” হিসেবে আরব সাংবাদিকদের টার্গেট করতে শুরু করে।
হিব্রু সংবাদমাধ্যম এর সাংবাদিক ওরেন জিভ বলেন:
“এখন যে কেউ—পুলিশ, নিরাপত্তারক্ষী, এমনকি সাধারণ মানুষও সাংবাদিকদের হয়রানি করতে উৎসাহ পায়।”
“এই হয়রানির শিকার শুধু আরব বা ফিলিস্তিনি সাংবাদিকই নয়, বরং বিদেশি ও ইসরায়েলি সাংবাদিকও।”
তিনি আরও বলেন:
“অনেক সাংবাদিক এখন নিজেরাই আত্মনিয়ন্ত্রণ করছেন। ছবি তুললেও চিন্তা করছেন—এটা কি সেন্সর পছন্দ করবে? কেউ আমাদের সন্দেহ করবে না তো?”
এই পরিস্থিতিতে ইসরায়েলের গণমাধ্যমের স্বাধীনতা ভয়াবহ সংকটে পড়েছে।
বলা যায়, সংবাদ সংগ্রহ এখন আর পেশাগত কাজ নয়—এটা হয়ে উঠেছে নিরাপত্তাহীনতার শিকার এক সাহসিকতার যুদ্ধ।

