যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। শুক্রবার (৪ জুলাই) স্বাধীনতা দিবসের দিন দক্ষিণ টেক্সাসে ভয়াবহ হড়কা বানে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আরও অনেক নিখোঁজ রয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
এই ভয়াবহ দুর্যোগ শুরু হয় শুক্রবার ভোর ৪টার দিকে, যখন প্রবল বর্ষণের কারণে গুয়াদালুপে নদীর পানি আচমকা ২৬ ফুট বেড়ে যায়। নদীর দুই পাড়ে ছড়িয়ে থাকা গ্রীষ্মকালীন ক্যাম্পগুলো এক মুহূর্তেই ডুবে যায় পানিতে। কেউ তখন ঘুমিয়ে, কেউ বা তাঁবুতে বিশ্রামে—এমন অবস্থায় অনেকেই পালাতে পারেননি।
সর্বাধিক প্রাণহানি ঘটেছে কের কাউন্টি এলাকায়, যেখানে ঐতিহ্যবাহী নারী গ্রীষ্মকালীন শিবির ‘ক্যাম্প মিস্টিক’ আয়োজন করে আসছে ১৯৪৫ সাল থেকে। সেই ক্যাম্পেই ঘটেছে সবচেয়ে করুণ ট্র্যাজেডি।
কের কাউন্টির শেরিফের দফতর জানিয়েছে, এখন পর্যন্ত যাদের মরদেহ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে ৮৪ জনই কের কাউন্টির। এদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক ও ২৮ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও তরুণী। ক্যাম্প মিস্টিকের পক্ষ থেকে জানানো হয়েছে, এরা সবাই শিবিরে অংশ নিতে এসেছিল। এখনও অন্তত ১০ জন কিশোরী নিখোঁজ রয়েছে।
শুধু তাই নয়, ক্যাম্প মিস্টিকের ৭০ বছর বয়সী সহ-প্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যাল্ড প্রাণ হারিয়েছেন ক্যাম্পে থাকা মেয়েদের বাঁচাতে গিয়ে।
উদ্ধার কাজ চললেও অব্যাহত বৃষ্টি, কাদা জমা মাটি ও নদীর প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধারকারীরা তেমন অগ্রগতি করতে পারছেন না। এদিকে আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, সামনে আরও বৃষ্টিপাত ও বন্যা হতে পারে।
এদিকে, এই বন্যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। আবহাওয়া সতর্কতার যথাযথ ব্যবস্থা না থাকার জন্য ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটকে দায়ী করছেন সমালোচকরা। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, “এমন একটি শোকাবহ সময়ে রাজনীতিক দোষারোপ একেবারেই অমানবিক।”
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন।

