ইসরায়েলের অব্যাহত অবরোধ ও যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাজার হাজার শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফ। একইসঙ্গে বহু মা অপুষ্টির কারণে সন্তানদের দুধ খাওয়াতে অক্ষম হয়ে পড়েছেন, যা নবজাতকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
সোমবার (৭ জুলাই) এক বার্তায় ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, “সহায়তা পৌঁছানোর সুযোগ সীমিত হওয়ায় গাজার হাজারো শিশু এখন প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে।”
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, “অনেক মা নিহত হয়েছেন বা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে সন্তানকে দুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না। এতে অসংখ্য নবজাতক মৃত্যুর ঝুঁকিতে পড়েছে বা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।” ক্যাথরিন রাসেলের মতে, গাজার শিশুদের জীবন রক্ষায় প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা-
বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার কারণে গাজার পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। এ অবস্থাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।

