ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন। উত্তর গাজার বেইত হানুন এলাকায় সোমবার (৮ জুলাই) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে ইসরায়েলি সেনারা যখন গাজার বেইত হানুন এলাকায় স্থল অভিযান চালাচ্ছিল, তখন রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। সেনারা পায়ে হেঁটে অভিযানে অংশ নিচ্ছিলেন, তারা কোনও সাঁজোয়া যান বা যানবাহনে ছিলেন না। বিস্ফোরণের পর আহতদের উদ্ধারে অভিযান চালানোর সময়ও ওই এলাকায় গুলিবর্ষণ শুরু হয়।
নিহত সেনারা হলেন:
- স্টাফ সার্জেন্ট মেইর শিমোন আমার (২০), জেরুজালেমের বাসিন্দা, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন, কফির ব্রিগেড।
- সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০), জেরুজালেমের বাসিন্দা, একই ব্যাটালিয়নের সদস্য।
- সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) বেনইয়ামিন আসুলিন (২৮), হাইফার বাসিন্দা, গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেড।
- স্টাফ সার্জেন্ট নোয়াম আহারন মুসগাডিয়ান (২০), জেরুজালেমের বাসিন্দা, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন।
- স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল (২১), বেইত শেমেশের বাসিন্দা, একই ব্যাটালিয়নের সদস্য।
আহত সেনাদের মধ্যে অন্তত দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)।
আইডিএফ জানায়, বেইত হানুন এলাকায় দীর্ঘদিন ধরেই হামাসসহ অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সদস্যরা সক্রিয় রয়েছে। সেই কারণেই গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেড এবং ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার ব্রিগেড যৌথভাবে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল। অভিযানের আগে লক্ষ্য করে বিমান হামলাও চালানো হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সংঘর্ষ আরো বেড়েছে। বিশেষ করে রোডসাইড বোমা ও বিস্ফোরক ব্যবহার করে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

