ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, ইসরায়েল তাঁকে হত্যার চেষ্টা করেছিল। সোমবার মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে তিনি হত্যাচেষ্টার সময়কাল বা স্থান নির্দিষ্টভাবে উল্লেখ করেননি।
সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, “আমি একটি বৈঠকে ছিলাম। তারা (ইসরায়েল) সেই জায়গায় বোমা হামলার চেষ্টা করেছিল, যেখানে আমরা বৈঠক করছিলাম।” তাঁর ভাষ্য, ইরানের জন্য জীবন দিতে তিনি প্রস্তুত এবং দেশটির অন্য সরকারি কর্মকর্তারাও জীবন দিতে ভয় পান না।
সাক্ষাৎকারের একটি বড় অংশ জুড়ে ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চায়নি। “পারমাণবিক বোমা আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার ফতোয়া অনুযায়ী ধর্মীয়ভাবে হারাম,” বলেন তিনি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)–র সঙ্গে ইরানের সহযোগিতাকে তিনি এর প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আর বিশ্বাস নেই। “আমরা আলোচনায় বসতে আপত্তি করি না। কিন্তু আমরা কীভাবে নিশ্চিত হব যে আলোচনা চলাকালে আবার ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে না?”- এ প্রশ্ন তোলেন তিনি।
সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট সরাসরি মন্তব্য করেন, “এটা নেতানিয়াহুর যুদ্ধ। যুক্তরাষ্ট্র যেন এমন যুদ্ধে না জড়ায়, যা তাদের নিজস্ব যুদ্ধ নয়।” তাঁর মতে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজের স্বার্থের জন্য নয়, বরং ইসরায়েলের স্বার্থে হস্তক্ষেপ করছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান মনে করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। “মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা ট্রাম্পের রয়েছে। ইসরায়েলকেও নিয়ন্ত্রণ করতে পারেন তিনি,” বলেন পেজেশকিয়ান।
এ সময় IAEA’র নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমরা IAEA’র ওপর বিশ্বাস রাখতে পারি না। তাদের সাম্প্রতিক প্রতিবেদনগুলো ইসরায়েলকে আমাদের পারমাণবিক স্থাপনায় অবৈধ হামলার সুযোগ দিয়েছে। সংস্থাটি এসব হামলার নিন্দা করেনি বা তা থামানোর কোনো পদক্ষেপ নেয়নি।”
কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কোনো দেশের সামরিক সহায়তা চায় না- না রাশিয়ার, না চীনের। “আমরা আল্লাহকে বিশ্বাস করি। নিজেরাই নিজেদের রক্ষা করব।”
সাক্ষাৎকারটি এমন এক সময় সম্প্রচারিত হলো, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরেও বিতর্ক তৈরি হয়েছে। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) সমর্থকরাও এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
সাক্ষাৎকার শেষে টাকার কার্লসন বলেন, ইরানের প্রেসিডেন্টের বক্তব্য প্রচারের জন্য তিনি সমালোচিত হতে পারেন, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জানা উচিত, তারা কার সঙ্গে যুদ্ধ করছে এবং সেই পক্ষ কী বলছে।

